রাজারহাটে একই সনদে দুজনের চাকরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় একই নিবন্ধন সনদে একই শিক্ষাপ্রতিষ্ঠানে দুজন শিক্ষকতা করছেন। এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একজনের এমপিও বাতিলের জন্য সুপারিশ করেছেন।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার চাঁন্দামারী ফাজিল মাদ্রাসায় ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে মৌলভি শিক্ষক পদে মাদ্রাসার সাবেক অধ্যক্ষের ছেলে আশিকুর রহমান এমপিওভুক্ত হন। তাঁর নিয়োগ পরীক্ষা বা নিয়োগ হওয়ার বিষয়ে কেউ কিছু জানেন না। চলমান শিক্ষা জরিপ কাজে প্রাপ্ত তথ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্তৃপক্ষ জানতে পারে, ওই প্রতিষ্ঠানের শরীরচর্চা শিক্ষক মো. জাকির হোসেন ও মৌলভি শিক্ষক আশিকুর রহমানের নিবন্ধন সনদে একই রোল নম্বর (৩১৮১৮৮০১) সরবরাহ করা হয়েছে। পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা উভয় শিক্ষককে মূল সনদ নিয়ে তাঁর অফিসে হাজির হওয়ার নির্দেশ দেন। এতে মৌলভি শিক্ষক তাঁর সনদ দেখাতে ব্যর্থ হন। এ কারণে ৯ নভেম্বর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তিন কর্মদিবসের মধ্যে জবাব চেয়ে শোকজ করেন। এরপর বিষয়টির নানাভাবে তদন্ত শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে গত সোমবার মৌলভি শিক্ষক আশিকুর লিখিত জবাবে দাবি করেন, তাঁর নিবন্ধন সনদ দিয়ে শরীরচর্চা শিক্ষক জাকির চাকরি করছেন। তবে তিনি ডিসেম্বর মাসের আগে সনদ দেখাতে অস্বীকৃতি জানান।
শরীরচর্চা শিক্ষক জাকির বলেন, ‘চলমান শিক্ষা জরিপ কাজে এমপিওভুক্ত শিক্ষকদের তথ্য ফরমে আমি দেখতে পাই আমার শিক্ষক নিবন্ধনের রোল নম্বর সহকারী মৌলভি শিক্ষক আশিকুরের তথ্য ফরমেও সরবরাহ করা হয়েছে। আমি বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জানাই। তিনি উভয়ের মূল নিবন্ধন সনদ নিয়ে অফিসে হাজির হতে বললে আমি আমার মূল সনদ প্রদর্শন করি।’
এ বিষয়ে মৌলভি শিক্ষক আশিকুর বলেন, ‘বাবা (সাবেক অধ্যক্ষ) কীভাবে আমার বিল করেছেন, তা আমার জানা নেই।’ সাবেক অধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলামের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ‘ভুল হয়েছে।’ চাঁন্দামারী ফজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মো. আক্তার আহছান বলেন, ‘২০১৪ সালের ১৮ ডিসেম্বর আমাকে সহকারী অধ্যাপক থেকে ভাইস প্রিন্সিপাল পদে ও খাদিজা বেগমকে আরিব প্রভাষক পদে নিয়োগের জন্য নিয়োগ বোর্ড ও পরীক্ষা হয়। ওই নিয়োগ বোর্ডে অন্য কোনো প্রার্থী ছিলেন না। অথচ ২০১৫ সালের ফেব্রুয়ারিতে মৌলভি শিক্ষক মো. আশিকুর রহমানের নাম এমপিওভুক্ত হয়ে আসে।’
এ প্রসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চঞ্চল কুমার ভৌমিক বলেন, জাকিরের সনদ সঠিক আছে। আশিকুর সনদ দেখাতে ব্যর্থ হয়েছেন। তাই আশিকুরের এমপিও বাতিলসহ তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে সুপারিশ করা হয়েছে।