রাজারহাটে নয় দিন ধরে মাদ্রাসার ৩ ছাত্র নিখোঁজ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মাদ্রাসার তিন শিক্ষার্থীকে নয় দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। ৪ আগস্ট বাড়ি থেকে রাতের খাবার খেয়ে মাদ্রাসায় ফেরার পথে তারা নিখোঁজ হয়। এ ঘটনায় ৮ আগস্ট নিখোঁজ ছেলেদের পরিবার ও মাদ্রাসা কর্তৃপক্ষ রাজারহাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
নিখোঁজ তিন ছেলে হচ্ছে উপজেলা সদর ইউনিয়নের দক্ষিণ প্রাণপতি এলাকার আদর্শ বাজার সিরাতুল মুসতাকিন নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার ছাত্র নবী উল্ল্যার ছেলে আবদুর রাজ্জাক (১২), শহিদ মিয়ার ছেলে নূর মোহাম্মদ (১২) এবং শফিকুল ইসলামের ছেলে জুয়েল মিয়া (১৩)। রাজারহাট থানার পুলিশ, মাদ্রাসা ও নিখোঁজ শিশুদের পরিবারের সদস্যরা জানান, ওই তিন শিক্ষার্থী প্রতিদিন মাদ্রাসা থেকে বাড়ি এসে রাতের খাবার খেয়ে যেত। ৪ আগস্ট রাতও বাড়িতে খেয়ে মাদ্রাসার উদ্দেশে রওনা হয় তারা। কিন্তু তারা আর মাদ্রাসায় ফেরেনি। রাত গভীর হলে মাদ্রাসার হাফেজ সিকান্দার আলী তিন শিক্ষার্থীর খোঁজে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু শিশুদের আর পাওয়া যায়নি।
হাফেজ সিকান্দার আলী বলেন, মাদ্রাসার আলমারিতে চাঁদা আদায়ের প্রায় ২০ বান্ডিল রসিদ ছিল। ওই তিন ছাত্র নিখোঁজের পর থেকে রসিদগুলো পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, তারা যাওয়ার সময় রসিদগুলো সঙ্গে নিয়ে গেছে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রশিদ বলেন, তাদের উদ্ধারে বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে।