রাজীব গান্ধীর তথ্য অনুযায়ী গ্রেপ্তার ৩
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশামত কেওয়াবাড়ি গ্রাম থেকে আজ মঙ্গলবার দুপুরে বিপুল পরিমাণ জিহাদি বইসহ নিষিদ্ধঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিনজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার অন্যতম ‘পরিকল্পনাকারী’ জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীর দেওয়া তথ্য অনুযায়ী তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পলাশবাড়ী উপজেলার কিশামত কেওয়াবাড়ি গ্রামের মেহেদুল ইসলাম (৩৫), গোবিন্দগঞ্জ উপজেলার জগদীশপুর পাছপাড়া গ্রামের দেলোয়ার হোসেন (৩০) ও গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আতাউর রহমান ওরফে মিন্টু (৩৪)।
এসব বিষয়ে মঙ্গলবার দুপুরে গাইবান্ধার পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ প্রথম আলোকে বলেন, হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার পরিকল্পনাকারী রাজীব গান্ধীর দেওয়া তথ্য অনুযায়ী তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা জেএমবির কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং বোমা তৈরির কাজ করতেন বলে জিজ্ঞাসাবাদে পুলিশকে জানান। গত ৩০ মার্চ গোবিন্দগঞ্জ থানার সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলায় রাজীব গান্ধীকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে রাজীব গান্ধীকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পল্লি চিকিৎসক মাহাবুবর রহমান ও সাঘাটা উপজেলার রাব্বী হত্যা মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
পুলিশ জানায়, রাজীব গান্ধীর বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামে। তাঁদের আদি বাড়ি পাশের সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নের রাঘবপুর ভুতমারা (চকদাতেয়া) গ্রামে।
গত ১৩ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে জাহাঙ্গীর আলমকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করে পুলিশ। গুলশান হামলায় জড়িত যে কয়জনকে জীবিত ধরা হয়েছে, তাঁদের মধ্যে রাজীব গান্ধী অন্যতম।
এ ছাড়া গত বছরের ৮ ফেব্রুয়ারি ভোরে গোবিন্দগঞ্জ উপজেলা শহরের মধ্যপাড়া এলাকার ব্যবসায়ী তরুণ দত্ত (৩৮) এবং গত ২৫ মে সকালে একই উপজেলার মহিমাগঞ্জ বাজারের জুতা ব্যবসায়ী দেবেশ চন্দ্র প্রামাণিক (৬৮) হত্যা মামলার আসামি। এই দুই হত্যা মামলার অভিযোগপত্রে জাহাঙ্গীরের নাম আছে।