রাজীব গান্ধীর দেওয়া তথ্যে তিন জেএমবি সদস্য গ্রেপ্তার
গুলশানে হলি আর্টিজানে হামলার অন্যতম ‘পরিকল্পনাকারী’ জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীর দেওয়া তথ্য অনুযায়ী, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নয়াপাড়া গ্রাম থেকে গত বুধবার রাতে জেএমবির সদস্য সন্দেহে তিন সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হচ্ছেন গোবিন্দগঞ্জ উপজেলার নয়াপাড়া (তুলসীপাড়া) গ্রামের আতিকুর রহমান, সর্দারপাড়া গ্রামের রফিকুল ইসলাম এবং কক্সবাজার জেলার নুর মোহাম্মদ চৌধুরী। তাঁদের গতকাল বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধার বিচারিক হাকিম আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালতের বিচারক মো. জয়নাল আবেদীন শুনানি শেষে প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ সূত্র জানায়, গোবিন্দগঞ্জ উপজেলার মালঞ্চা গ্রামের তুহিন হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গত মঙ্গলবার রাজীব গান্ধীকে সাত দিনের রিমান্ডে নেয় গোবিন্দগঞ্জ থানা-পুলিশ। জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী বুধবার গভীর রাতে উপজেলার নয়াপাড়া গ্রামের আতিকুর রহমানের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে তিনজন গোপন বৈঠক করছিলেন। ওই বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
জেলা ডিবির ওসি মাসুদুর রহমান গতকাল বলেন, গত বছরের ৯ জুন রাজীব গান্ধীর গ্রামের বাড়ি গোবিন্দগঞ্জের মালঞ্চায় জেএমবির সদস্যদের গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা করা হচ্ছিল। খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। টের পেয়ে জেএমবির সদস্যরা পুলিশের ওপর গুলি চালাতে চালাতে পালিয়ে যান। পুলিশও পাল্টা গুলি চালায়। পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তুহিন মিয়া নামের এক জেএমবি সদস্য মারা যান।