রাজীবপুরে পাওনা টাকার জন্য শিশুকে অপহরণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার রুমন (৬) নামের এক শিশুকে গত সোমবার গাইবান্ধা সদরের কঞ্চিপাড়া গ্রামের মোন্নাফ আলী অপহরণ করেছেন বলে অভিযোগ উঠেছে। রুমনকে উদ্ধার করতে গেলে তার বাবা-মা ও দুই আত্মীয়স্বজনকেও পাওনাদারের লোকজন আটক করে বলে অভিযোগ পাওয়া গেছে।
রুমনের পরিবার সূত্রে জানা গেছে, রাজীবপুরের বালিয়ামারী ব্যাপারীপাড়া গ্রামের ছায়েদ আলীর সঙ্গে কঞ্চিপাড়া গ্রামের মোন্নাফ দীর্ঘদিন মসলার ব্যবসা করেন। ব্যবসায় ক্ষতি হওয়ায় ছায়েদের কাছে সাড়ে ১০ হাজার টাকা দাবি করেন মোন্নাফ। গত রোববার মোন্নাফ রাজীবপুরে আসেন পাওনা টাকার জন্য। রাতে তিনি ছায়েদের বড় ভাই ছয়িম মিয়ার বাড়িতে থাকেন। মোন্নাফ গত সোমবার সকালে ছায়েদের কাছে টাকা চাইলে তিনি আরও সময় চান। এ নিয়ে দুজনের মধ্যে তর্ক হয়। পরে মোন্নাফ কৌশলে ছায়েদের ছেলে রুমনকে অপহরণ করে কঞ্চিপাড়ায় নিয়ে যান।
ছায়েদ বলেন, ‘সোমবার সকালে রুমনকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে রাজীবপুর থানায় অভিযোগ করি। পরে স্ত্রী ও দুজন আত্মীয়কে নিয়ে মোন্নাফের বাড়িতে যাই। প্রথমে মোন্নাফ বিষয়টি অস্বীকার করেন। এরপর ওই এলাকার এক ইউপি সদস্যের সহযোগিতায় ছেলের সন্ধান পাই। মোন্নাফের সঙ্গে যোগসাজশ করে ওই ইউপি সদস্য ও গ্রামের কয়েকজন মাতবর ৬৮ হাজার টাকা দাবি করেন। মাতবররা তাঁর (ছায়েদ) কাছ থেকে ৩০ হাজার টাকা পাওয়া যাবে বলে ১৫০ টাকার স্ট্যাম্পে স্বীকারোক্তি লিখে নেন। এরপর টাকার জন্য তাঁর পরিবারকে মোন্নাফের বাড়িতে আটকে রাখে স্থানীয় ব্যক্তিরা। পরে গতকাল বুধবার সকালে গোপনে তিনি বড় ভাই ছয়িম মিয়ার কাছে ফোনে ঘটনা জানান।’
ছয়িম মিয়া বলেন, ‘হেরা ট্যাকার জন্য হেগরে আটক রাখছে। এ খবর পেয়ে আমি গতকাল দুপুরে রাজীবপুর থানায় গিয়া জানাছি। থানাওয়ালারা কইছে দেখতাছি।’
এ ব্যাপারে জানতে মোন্নাফের মুঠোফোন নম্বর সংগ্রহের চেষ্টা করেও তা পাওয়া যায়নি, এ কারণে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ প্রসঙ্গে রাজীবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পৃথি কুমার সরকার বলেন, ‘ঘটনাটি শুনেছি। খোঁজখবর নেওয়া হচ্ছে।’