রাজীবপুরে সংঘর্ষে আহত ১০
কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় গতকাল শনিবার দুপুরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে আহত দুই নারীকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, রাজীবপুর সদর ইউনিয়নের জহির মণ্ডলপাড়া গ্রাম থেকে পল্লী বিদ্যুতের একটি লাইন পাশের উত্তর জোয়ানের চরে যাবে। সংযোগ লাইনটি মণ্ডলপাড়ার কবির হোসেনের বাড়ির ওপর দিয়ে জোয়ানের চরে মোয়াচ্ছেল হোসেনের বাড়িতে যাওয়ার কথা। কিন্তু কবির হোসেন বাড়ির ওপর দিয়ে লাইন যেতে বাধা দেন। এ নিয়ে মোয়াচ্ছেলের সঙ্গে তাঁর বিরোধ সৃষ্টি হয়। পরে উভয় পক্ষকে নিয়ে গতকাল বেলা একটার দিকে কবিরের বাড়িতে বৈঠকে বসেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল হাই সরকার। বৈঠকের শুরুতে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে বাধে। এতে কবিরের পক্ষে সাহেরা খাতুন (৪৫), আয়শা বেগম (৪০), ফরিদা পারভীন (৩০), হবিবর রহমান (৩৫), শহীদুল ইসলাম (৩৫) ও আবদুল লতিফ (৪০) এবং মোয়াচ্ছেলের পক্ষে হাবিবুর রহমান (৫০), আবদুল কুদ্দুছ (৪০), আবদুস ছাত্তার (৩৮) ও সৈয়দ আলী (৫০) আহত হন। তাঁদের মধ্যে সাহেরা ও আয়শার অবস্থা আশঙ্কাজনক। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে কবির বলেন, ‘আমি নতুন ঘর তুলেছি। তাই বলেছি বাড়ির পাশ দিয়ে নিতে। মোয়াচ্ছেল মনে করছেন, আমি ইচ্ছা করে লাইন নিতে বাধা দিচ্ছি। সে কারণে সালিসে তাঁরা ধারালো অস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে হামলা করেছেন। আমার বাড়িঘর ভাঙচুর করেছেন।’
মোয়াচ্ছেল বলেন, ‘বৈদ্যুতিক খুঁটি থেকে তাঁরা বিদ্যুৎ-সংযোগ নিতে দিচ্ছেন না। এ নিয়ে বিচার বসলে তাঁরাই উত্তেজিত হয়ে আমাদের ওপর হামলা করেন।’
আবদুল হাই সরকার বলেন, বৈঠক শুরু না হতেই দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।
রাজীবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পৃথীশ কুমার সরকার বলেন, ওই সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষই থানায় অভিযোগ দিয়েছে।