রাজৈরে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৫০, মহাসড়ক অবরোধ

জুয়া খেলার প্রতিবাদ করার সূত্র ধরে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় গতকাল বুধবার দুটি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের রাজৈর, মাদারীপুর ও ফরিদপুরে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
রাজৈর থানার পুলিশ সূত্র জানায়, মাদারীপুরের টেকেরহাট বন্দরের হ্যামিল্টন ব্রিজ এলাকায় দীর্ঘদিন যাবৎ একটি চক্র জুয়ার আসর বসাত। গতকাল দুপুরে রাজৈর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাবুল বাঘার ভাই আরিফুর রহমান ওই জুয়াড়ি চক্রকে বাধা দেন। তখন তারা আরিফকে মারধর করে। এ খবর আরিফের স্বজনেরা জানতে পারলে তাঁরা জুয়াড়িদের ওপর চড়াও হন। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। কিছু সময়ের মধ্যে সংঘর্ষ স্থানীয় ঘোষালকান্দি ও পূর্বসরমঙ্গল গ্রামের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। বেলা একটা থেকে বিকেল চারটা পর্যন্ত সংঘর্ষ চলে।
এ সময় টেকেরহাট বন্দরের কয়েক শ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এ সময় ঢাকা-বরিশাল, মাদারীপুর-ফরিদপুর, খুলনা-গোপালগঞ্জ মহাসড়ক অবরোধ করে রাখা হয়। পরে মাদারীপুর থেকে অতিরিক্ত পুলিশ, জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবরোধ তুলে দেন। তিন ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকায় সড়কে বেশ কিছু গাড়ি আটকা পড়ে। এ সময় একদল হামলাকারী সরদার শাজাহান স্কুল অ্যান্ড কলেজে প্রবেশ করে হামলা চালায়। ফলে শিক্ষার্থীরা আতঙ্কগ্রস্ত হয়ে ছোটাছুটি করতে থাকে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, টেকেরহাট বন্দরের পরিস্থিতি এখন শান্ত রয়েছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫৩টি গুলি ছোড়া হয়েছে। এ ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি।