মেহেরপুর সদর উপজেলার সোনাপুর গ্রামে ঢুকতেই মজনু মিয়ার চায়ের দোকান। গত মঙ্গলবার দুপুরে সেখানে বসে ছিলেন কয়েকজন গ্রামবাসী। তাঁরা জানালেন, এই চায়ের দোকানটি কিছুদিন আগেও রাত দুইটা-তিনটা পর্যন্ত খোলা থাকত। এখন সন্ধ্যার পরপরই বন্ধ হয়ে যায়। শুধু দোকান নয়, সদরের পিরোজপুর ইউনিয়নের কাঠাপোতা, সোনাপুর ও বলিয়ারপুর গ্রামে সন্ধ্যার পরই নেমে আসে সুনসান নীরবতা।
৫ মার্চ মজনু মিয়ার চায়ের দোকান থেকে গ্রামের আবদুল মজিদ ও আসাদুল ইসলাম নামে দুজন ব্যক্তিকে তুলে নৃশংসভাবে হত্যা করে সন্ত্রাসীরা। এরপর থেকে এলাকায় নেমে এসেছে আতঙ্ক। গ্রামের মানুষ সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে ঘরে ফিরে যায়। খুব প্রয়োজন না হলে কেউ বের হয় না।
এত ভয় কিসের? জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে এক বাসিন্দা বলেন, ‘এই যে আপনার সঙ্গে কথা বলছি, এটা ওরা জেনে যাবে। কাল আমাকে হত্যা করা হতে পারে।’
এরা কারা? এমন প্রশ্নের জবাবে জেলার একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেন, এরা উঠতি সন্ত্রাসী। এলাকায় চাঁদাবাজি করে এবং রাজনৈতিক অপরাধের সঙ্গেও যুক্ত। অনেক ক্ষেত্রে দেখা যায়, রাজনৈতিক বিরোধের কারণে খুন করা হলেও সেটিকে চাঁদাবাজির রূপ নিতে চায় অপরাধী এবং পরিকল্পনাকারীরা।
সোনাপুর গ্রামের কাঠ ব্যবসায়ী আবদুল মজিদ (৫৫) ও পোলট্রি ব্যবসায়ী আসাদুল ইসলামকে (৫০) অপহরণের পরদিন তাঁদের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। অপহরণকারীরা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। কিন্তু পুলিশের সন্দেহ হত্যাকাণ্ড রাজনৈতিক বিরোধের কারণে হয়েছে। নিহত দুজন বর্তমান ইউপি সদস্য আরজান আলীর পক্ষে নির্বাচন করেছিলেন। এ নিয়ে পরাজিত প্রার্থী মামলত আলী তাঁদের ওপর ক্ষুব্ধ ছিলেন। লাশ উদ্ধারের পর পুলিশ মামলতকে গ্রেপ্তারও করেছে। দুই প্রার্থীই আওয়ামী লীগ নেতা।
এদিকে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মেহেরপুরে চারজন নিহত হয়েছে সোমবার রাত আড়াইটার দিকে। পুলিশ বলছে, নিহত ব্যক্তিরা সোনাপুর গ্রামে জোড়া খুনের মামলার আসামি।
তিনটি গ্রামের বাসিন্দারা জানান, খুনের ঘটনা এলাকায় নতুন নয়। গত ১৮ বছরে পিরোজপুর ইউনিয়নের তিনটি গ্রামে ১০ জন ব্যক্তিকে হত্যা করা হয়েছে। এর পেছনে বেশির ভাগই চাঁদাবাজি ও রাজনৈতিক বিরোধ কাজ করেছে। সোনাপুর গ্রামের এক ব্যবসায়ী বলেন, গত তিন মাসে তিনি সন্ত্রাসীদের দুবার চাঁদা দিয়েছেন। চাঁদার দাবিতে মাঝেমধ্যেই হুমকি দেওয়া হয়। নিজের ও পরিবারের সদস্যদের প্রাণ বাঁচাতে গোপনে চাঁদা দিতে হয়।
জোড়া হত্যাকাণ্ডের মামলার বাদী নিহত আবদুল মজিদের ছেলে আব্বাস আলী বলেন, ‘আমরা চরম আতঙ্কে বসবাস করছি। মামলাও করতে চাইনি। পুলিশ আমাদের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মামলা করিয়েছে। আমরা বাঁচতে চাই। ওরা (সন্ত্রাসী) খুব শক্তিধর, ওদের ভয় করেই বাঁচতে হবে।’
পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, এলাকাগুলোতে পাহারা বসানো হয়েছে। তাদের সঙ্গে পুলিশও কাজ করে। আশা করা যাচ্ছে ওই এলাকায় দ্রুত শান্তি নেমে আসবে।