রাতভর আটকে রাখার ক্ষোভে কিশোরীর আত্মহত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার এক কিশোরীকে (১৭) ডেকে নিয়ে পাশের বাড়িতে রাতভর আটকে রাখার ক্ষোভে বিষপানে সে আত্মহত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অসুস্থ অবস্থায় গতকাল সোমবার দুপুরে তাকে পার্শ্ববর্তী হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ওই কিশোরীকে আটকে রেখে নির্যাতন করা হয়েছে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কিশোরীর জ্ঞান ফিরলেও সে কোনো কথা বলছে না।

পুলিশ ও পরিবারের ভাষ্য, ওই কিশোরী সোমবার সকালে নিজের বাড়িতে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাঁকে উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাহ রাজ হায়াত বলেন, কিশোরী এখন শঙ্কামুক্ত। তবে সে কথা বলতে পারছে না।

কিশোরীর ভগ্নিপতির অভিযোগ, ওই কিশোরীর মাস তিনেক আগে বিয়ে হয়। তার স্বামী ঢাকায় থাকেন। রোববার রাতে প্রতিবেশী রাজিব ওই কিশোরীকে কথা আছে বলে বাড়ি থেকে ডেকে নেন। কিশোরীকে তাঁর ঘরে নিয়ে যান। সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন তাঁর বন্ধু নাজমুল ও বাবু। এরপর স্থানীয় ফারুক ভূঁইয়া নামের এক ব্যক্তি বাইরে থেকে ওই ঘরের দরজা আটকে দেন। সারা রাত কিশোরীকে আটকে রাখা হয়।

কিশোরীর ভগ্নিপতির অভিযোগ, পরিবারের লোকজন খোঁজ করে মেয়েটিকে না পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য পরান ভূঁইয়াকে জানান। সোমবার ভোরে রাজিবের বাড়িতে গিয়ে কিশোরীকে উদ্ধার করা হয়। এরপর দুপুরের দিকে বিষপানে ওই কিশোরী আত্মহত্যার চেষ্টা করেন।

স্থানীয় কয়েকজন ব্যক্তির অভিযোগ, ইউপি সদস্য পরান ভূঁইয়া বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। তিনি ৩ যুবককে ২০ হাজার টাকা করে জরিমানা করেন এবং কিশোরীর পরিবারকে তা দিয়ে বিষয়টি গোপন রাখতে বলেন। কিন্তু কিশোরীর পরিবার তাতে রাজি হয়নি। প্রতিবেশীরা ঘটনাটি জেনে গেলে ওই কিশোরী দুপুরের দিকে ক্ষোভে আত্মহত্যার চেষ্টা করেন।

তবে অভিযোগের বিষয়ে কথা বলার জন্য মঙ্গলবার সকালে পরান ভূঁইয়ার ফোনে কল করলে তা বন্ধ পাওয়া যায়।
স্থানীয় দুই ব্যক্তির ভাষ্য, রাজিবের সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু পরিবার তাকে অন্য ছেলের সঙ্গে বিয়ে দেওয়ায় রাজিব ক্ষুব্ধ হয়ে মেয়েটিকে ডেকে নিয়ে আটকে রাখে।

কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ‘ওই কিশোরী এখনো অসুস্থ। আমরা তার বক্তব্য নেওয়ার চেষ্টা করছি। কিশোরীর বক্তব্য অনুযায়ী আমরা আইনি ব্যবস্থা নেব। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি। তবে অভিযুক্তদের ধরার জন্য অভিযান চলছে।’