রাতভর উপজেলা পরিষদ কার্যালয় অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে ফলাফল বিবরণী ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এতে ওই ইউনিয়নের ফলাফল স্থগিত করা হয়েছে। ফলাফল বিবরণী ছিনতাইয়ে সহযোগিতা করার অভিযোগে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছেন উপজেলা রিটার্নিং কর্মকর্তা।
ফলাফল বিবরণী ছিনতাইয়ের ঘটনায় বিক্ষুব্ধ ভোটাররা সারা রাত ফুলবাড়িয়া উপজেলা পরিষদ কার্যালয় অবরোধ করে বিক্ষোভ করেন। এতে গত শনিবার সারা রাত উপজেলা রিটার্নিং কর্মকর্তাসহ অনেকেই উপজেলা পরিষদ ভবনে অবরুদ্ধ ছিলেন।
উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার কুশমাইল ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়। ইউনিয়নের ১০টি কেন্দ্রের ফলাফল নিকুয়া কুশমাইল কেন্দ্রে আসে। সেখান থেকে ফলাফল বিবরণী তৈরি করে ঘোষণা দেওয়ার কথা ছিল। ফলাফল শিট তৈরির সময় কক্ষে থাকা এজেন্টের মাধ্যমে আওয়ামী লীগের প্রার্থী শামছুল হক জানতে পারেন তিনি পরাজিত হয়েছেন। ভোটে এগিয়ে থাকায় স্বতন্ত্র প্রার্থী আবদুর রাজ্জাককে নির্বাচিত ঘোষণা করার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এ খবর পেয়ে রাত নয়টার দিকে শামছুল হক কয়েকজন সহযোগীকে নিয়ে কেন্দ্রে ঢুকে ফলাফলের বিবরণী ছিনতাই করে নিয়ে যান। পরে ফলাফল স্থগিত ঘোষণা করা হয়।
ফলাফল বিবরণী ছিনতাইয়ের ঘটনায় ওই ইউনিয়নের কয়েক শ ভোটার গত শনিবার সারা রাত উপজেলা পরিষদ ভবন ঘেরাও করে রিটার্নিং কর্মকর্তাসহ অনেককে অবরোধ করে রাখেন। গতকাল রোববার সকালে ট্রাকে করে আরও লোকজন উপজেলা পরিষদের দিকে আসার খবর পেয়ে সাড়ে নয়টার দিকে র্যা ব ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় গতকাল রোববার রিটার্নিং কর্মকর্তা আবদুল মান্নান প্রিসাইডিং কর্মকর্তা ইউনুছ আলীর নামে ফুলবাড়িয়া থানায় মামলা করেন।
রিটার্নিং কর্মকর্তা বলেন, ছিনতাই হওয়া ফলাফল বিবরণী উদ্ধার করা যায়নি। আওয়ামী লীগের প্রার্থী শামছুল হককে আসামি না করা প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা বলেন, এখানে কিছু কৌশল অবলম্বন করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত বলা যাবে না।
এ ব্যাপারে শামছুল হকের মুঠোফোন নম্বরে ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়।