রাতারগুলের কইয়ারখালে বিষ দিয়েছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের রাতারগুলের কইয়ারখালে বিষ দেওয়ায় মাছ মরে ভেসে উঠেছে। গতকাল তোলা ছবি l প্রথম আলো
সিলেটের রাতারগুলের কইয়ারখালে বিষ দেওয়ায় মাছ মরে ভেসে উঠেছে। গতকাল তোলা ছবি l প্রথম আলো

সিলেটের রাতারগুলের কইয়ারখালে গত শনিবার রাতে বিষ দিয়েছে দুর্বৃত্তরা। অভিযোগ উঠেছে, এ ঘটনায় বন বিভাগের লোকজনের যোগসাজশ আছে। এর আগে পরিবেশবাদীদের দাবির মুখে ২০১৩ সালে কইয়ারখাল ইজারা দেওয়া বাতিল করে বন বিভাগ।
গতকাল রোববার সকালে সরেজমিনে দেখা যায়, মাছ ধরতে আশপাশ এলাকার কয়েক শ মানুষ খালের পাশে জটলা বেঁধেছে। সেখানে থাকা কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, রাত দুইটার দিকে সাত-আটজন লোক বস্তা নিয়ে কইয়ারখালের দিকে যায়। ভোর পাঁচটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত খালের বড় মাছগুলো ধরে নিয়ে যাওয়া হয়। এরপর আশপাশ এলাকার গ্রামবাসী মাছ শিকারে নামেন।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নে অবস্থিত রাতারগুল বাংলাদেশের সমৃদ্ধ জলার বন (সোয়াম্প ফরেস্ট)। নদী ও হাওরবেষ্টিত ৫০৪ দশমিক ৫০ একর আয়তনের এ এলাকায় গত বছর জানুয়ারিতে পর্যবেক্ষণ টাওয়ার, বিশ্রামাগারসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করে বন বিভাগ। শুষ্ক মৌসুমের শুরুতে রাতারগুলে প্রবেশমুখের কইয়ারখাল জলমহাল হিসেবে তিন বছর মেয়াদে ইজারা দিত বন বিভাগ। কিন্তু ২০১৩ সালে তা বন্ধ করা হয়।
রাতারগুল গ্রামের ছয়জন বাসিন্দার সঙ্গে আলাপ করে জানা যায়, এবারের শুষ্ক মৌসুমকে সামনে রেখে চইলতাবাড়ি এলাকার একটি পক্ষ কইয়ারখালে মাছ ধরতে নানা তৎপরতা শুরু করে। প্রকাশ্যে মাছ শিকার করতে না পারায় তাঁরা রাতের বেলা বিষ দিয়েছেন।