রাতে আটক, পরে 'বন্দুকযুদ্ধে' নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্দুকযুদ্ধ। প্রতীকী ছবি
বন্দুকযুদ্ধ। প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মোহাম্মদ কাশেম (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী ছিলেন। টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম সাতঘরিয়াপাড়ায় পাহাড়ের নিচে গতকাল বুধবার দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস বলেন, পুলিশ সাতঘরিয়াপাড়ার পাহাড়ে ইছহাক মাস্টারের ঘোনায় ইয়াবা ও অস্ত্র উদ্ধারে গেলে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। নিহত কাশেম উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম সাতঘরিয়াপাড়ার বাসিন্দা।

ওসি প্রদীপ কুমার দাস বলেন, গতকাল রাত সোয়া নয়টার দিকে মোহাম্মদ কাশেমকে আটক করা হয়। আটকের পর তাঁকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর কাছ থেকে জানা যায়, হোয়াইক্যং সাতঘরিয়াপাড়ার ইছহাক মাস্টারের ঘোনা পাহাড়ের নিচে অস্ত্র ও ইয়াবা মজুত আছে। এ তথ্যের ভিত্তিতে পুলিশ কাশেমকে নিয়ে অভিযানে গেলে তাঁর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষের গুলিবিনিময় চলাকালে মোহাম্মদ কাশেম পালাতে গেলে উভয় পক্ষের মাঝখানে পড়ে গুলিবিদ্ধ হন। 

এ সময় পুলিশের তিনজন সদস্যও আহত হয়েছেন। পরে মাদক কারবারিরা পিছু হটে পার্শ্ববর্তী পাহাড়ের দিকে পালিয়ে যায়। ঘটনাস্থল তল্লাশি করে দেশে তৈরি দুটি অস্ত্র (এলজি), ৩ হাজার ৪০০ পিস ইয়াবা বড়ি ও ৯টি তাজা কার্তুজ পায় পুলিশ। গুলিবিদ্ধ অবস্থায় মোহাম্মদ কাশেমসহ পুলিশের তিন সদস্যকে উদ্ধার করা হয়। পরে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কাশেমকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

ওসি প্রদীপ বলেন, কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পদে মোহাম্মদ কাশেম মারা যান। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

পুলিশ জানায়, এ ঘটনায় পুলিশে সহকারী উপপরিদর্শক (এএসআই) অহিদুল ইসলাম, কনস্টেবল হাবিব হোসেন ও তুহিন আহমদ আহত হন। নিহত কাশেমের বিরুদ্ধে থানায় হত্যা, অস্ত্র ও মারামারির ছয়টি মামলা রয়েছে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শোভন দাস প্রথম আলোকে বলেন, পুলিশ গুলিবিদ্ধ একজন ও তিনজন পুলিশ সদস্যকে নিয়ে এলে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। মোহাম্মদ কাশেমের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাঁর শরীরের তিনটি গুলির চিহ্ন দেখা গেছে।

গত বছরের ৪ মে দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ মাদকবিরোধী অভিযান শুরু হয়। এ নিয়ে র‌্যাব-পুলিশ-বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধ ও এলাকায় মাদকের প্রভাব বিস্তারের ঘটনায় কক্সবাজার জেলায় ৮২ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৫ জন রোহিঙ্গাসহ টেকনাফে ৫৪ ও উখিয়ায় ২ জন নিহত হন।