রাতে কাঁচা, সকালে পাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় রাসায়নিক দ্রব্য দিয়ে কলা পাকানোর অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা বলছেন, রাতে রাসায়নিক মিশ্রিত পানির বালতিতে কলা ডুবিয়ে রাখা হয়। আর সকালে এ কলার খোসার রং হলুদ হয়ে যায়।
চিকিৎসকেরা বলেন, নিয়মিত কয়েক মাস রাসায়নিক মিশ্রিত কলা খেলে ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।
খোঁজ নিয়ে জানা গেছে, রায়পুর উপজেলায় প্রায় ১০টি কলার আড়ত রয়েছে। প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে ছয়-সাত ট্রাক কলা আনেন আড়তদারেরা।
শহরের পীর ফয়জুল্লাহ সড়কের তিনটি আড়ত ঘুরে এ প্রতিবেদক দেখেন, রাতে আড়তগুলোতে কাঁচা কলা আসছে। আর সকালে পাকা কলা খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হচ্ছে। এগুলো হলো মো. জহির হোসেনের আড়ত, আবদুল মান্নানের আড়ত, মো. জিয়ার আড়ত।
নাম প্রকাশ না করার শর্তে এক কলা ব্যবসায়ী জানান, শীতে কলা পাকতে কয়েক দিন সময় লেগে যায়। অল্পসময়ের মধ্যে পাকাতে অনেক রাতে আড়তদার রাসায়নিক মিশ্রিত পানির বালতিতে কাঁচা কলা ডুবিয়ে রাখেন। এতে কয়েক ঘণ্টার মধ্যে কলার খোসার রং হলুদ হয়ে যায়। এ কলার রং চকচকে থাকে। ক্রেতারা এ কলা দেখেই আকৃষ্ট হয়।
কলেজ রোডের বাসিন্দা রিয়াজ হোসেন বলেন, গভীর রাতে আড়তগুলোতে ট্রাকে করে কাঁচা কলা আসে। রাসায়নিকের কারণে সকালে এ কলাগুলো হলুদ রঙের হয়ে যায়।
তবে কলার আড়তদার মো. জহির হোসেন বলেন, তাঁরা আগুনের তাপ দিয়ে কলা পাকান। রাসায়নিক ব্যবহার করেন না।
শহরের বাসিন্দা জাকির হোসেন বলেন, ‘গত সোমবার এক ডজন পাকা কলা কিনে বাসায় যাই। পরে দেখি কলাগুলোর ভেতরে কাঁচা। গত শনিবার পর্যন্তও ওই কলাগুলোর ভেতরে কাঁচা ছিল।’
উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা শাহারিয়া শায়লা জাহান বলেন, রাসায়নিক দিয়ে পাকানো কলা খেলে মানুষের কিডনি ও যকৃৎ ক্ষতিগ্রস্ত হয়। পরে ক্যানসারে আক্রান্ত হয়ে রোগীর মৃত্যু পর্যন্ত হয়।