রাতে কাফরুলে 'বন্দুকযুদ্ধে' যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কাফরুলে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আবদুস সালাম নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে বাইশটেকি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ দাবি করছে, ২৫ বছর বয়সী সালাম ভাষানটেক এলাকার তালিকাভুক্ত সন্ত্রাসী। মধ্যরাতে ডাকাতির প্রস্তুতিকালে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।
পুলিশের পল্লবী জোনের সহকারী কমিশনার জাকির হোসেন প্রথম আলোকে বলেন, রাত সাড়ে ১২টার দিকে সালামের নেতৃত্বে বাইশটেকি এলাকায় ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। ওই সময় পুলিশের সঙ্গে ডাকাত দলের সদস্যদের গুলিবিনিময় হয়। গোলাগুলির একপর্যায়ে সেখানে গুলিবিদ্ধ সালামকে পাওয়া যায়। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সালামের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অন্তত ২৫টি মামলা রয়েছে। তিনি কুখ্যাত ডাকাত দলের সদস্য ছিলেন।