রাতে গুলির শব্দ শোনেন স্থানীয় লোকজন। পরদিন সকালে সেই এলাকায় পাওয়া গেল গুলিবিদ্ধ লাশ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড বিদ্যুৎ বিতরণ কার্যালয় এলাকা থেকে গতকাল শনিবার এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। রাস্তার পাশেই পড়েছিল লাশটি।
গতকাল বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির নাম কামাল উদ্দিন (৩৮)। তাঁর বাড়ি নোয়াখালী জেলার মাইজদি এলাকায়। থাকেন চট্টগ্রাম নগরের দক্ষিণ কাট্টলী এলাকার একটি ভাড়া বাসায়।
এর আগে ৯ জুন রাতে উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর দুর্গম পাহাড়ের পাদদেশে একটি ডোবা থেকে মো. সেলিম (৩৮) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিনও ছিল শুক্রবার।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন ব্যক্তি প্রথম আলোকে বলেন, শুক্রবার রাত ১২টার দিকে ওই এলাকায় তিনটি গুলির শব্দ শুনতে পান তাঁরা। সকালে মহাসড়কের ঢাকামুখী লাইনের ওপর লাশটি গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন।
বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাদাকাত উল্ল্যাহ মিয়াজি প্রথম আলোকে বলেন, স্থানীয় লোকজন রাতে গুলির শব্দ শুনতে পেয়েছে।
সীতাকুণ্ড থানা-পুলিশের সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নিহত কামাল উদ্দিনের বাঁ হাতের বাহুর ওপরের অংশে ও বাঁ পায়ের হাঁটুর নিচে গুলির চিহ্ন রয়েছে।
লাশটি উদ্ধার করেন সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) সুজয় কুমার মজুমদার। তিনি প্রথম আলোকে বলেন, লাশ উদ্ধারের খবর শুনে গতকাল দুপুরে আঞ্জুমান আরা বেগম নামের এক নারী নিহতের ছবি দেখে কামাল উদ্দিনকে শনাক্ত করেন। তিনি নিজেকে নিহতের স্ত্রী দাবি করছেন। পরে তাঁকে (আঞ্জুমান) লাশ শনাক্তের জন্য চমেক মর্গে পাঠানো হয়। আঞ্জুমান আরা বেগম পুলিশের কাছে দাবি করেছেন নিহত কামাল উদ্দিন চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে রিকশা চালাতেন।