রাতে গ্রামে সন্ত্রাসী হামলা, ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামে গত রোববার রাতে রুবেল মৃধার বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়ে বসতঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে। এ সময় কুপিয়ে ও পিটিয়ে তিনজনকে আহত করা হয়।
এ ঘটনায় গ্রামবাসী ধানখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল লতিফ গাজীর ছেলে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাসিব গাজী ও ছাত্রলীগের কর্মী মামুন মোড়লকে আটক করেছেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম শাহ নেওয়াজ বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে হাসিবের বিরুদ্ধে একাধিক ও মামুনের বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ দুজনকে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
মরিচবুনিয়া গ্রামের বাসিন্দাদের অভিযোগ, রোববার রাতে হাসিব গাজীর নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী রুবেল মৃধার বাড়িতে হামলা করে ঘরের মালামাল কুপিয়ে তছনছ করে। ওই সময় সন্ত্রাসীরা রুবেল মৃধার ভাই সানু মৃধাকে পিটিয়ে আহত করে। এরপর ওই সন্ত্রাসীরা রুবেল মৃধার ভাতিজা মনু মৃধার দোকানঘরেও হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এ সময় হামলাকারীদের চিনে ফেলায় সন্ত্রাসীরা মাসুদ নামে একজনকে মারধরে আহত করে। তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে সন্ত্রাসীরা এলোপাতাড়ি কুপিয়ে জখম করে নজরুল ইসলাম (৩৩) নামের এক যুবককে।
কয়েকজন গ্রামবাসী বলেন, হঠাৎ করে রাতে সশস্ত্র তাণ্ডবের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ গ্রামবাসী এলাকায় ডাকাত এসেছে এমন ভেবে মাইকে ঘোষণা দেন। এতে গ্রামবাসী একজোট হয়ে হামলাকারীদের ঘিরে ফেলেন। একপর্যায়ে হাসিব গাজী ও মামুন মোড়লকে গ্রামবাসী আটক করেন।
ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ গাজী বলেন, ‘ধানখালীতে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র এলাকার উন্নয়নকাজের বালু ব্যবসা নিয়ে গ্রামের দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। ওই ঘটনার জের ধরে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটতে পারে। আর আমার ছেলেকে এ ঘটনায় ফাঁসানো হয়েছে।’