রাতে ঘুমাল ঘরে, সকালে গ্রামের মাঠে লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিহত স্কুলছাত্র শাহরিয়ার হাসান। পারিবারিক অ্যালবাম থেকে নেওয়া ছবি l প্রথম আলো
নিহত স্কুলছাত্র শাহরিয়ার হাসান। পারিবারিক অ্যালবাম থেকে নেওয়া ছবি l প্রথম আলো

রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে গিয়েছিল অভি। গত বৃহস্পতিবার রাত ১১টা পর্যন্ত পরিবারের লোকজন তার ঘরে আলো জ্বলতে দেখেছে। গতকাল শুক্রবার সকালে গ্রামের একটি মাঠে পাওয়া গেল তার ক্ষতবিক্ষত লাশ।
পাবনার সাঁথিয়া উপজেলার আর-আতাইকুলা ইউনিয়নের শোলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহরিয়ার হাসান ওরফে অভির (১৩) লাশ সকালে উদ্ধার করেছে পুলিশ।
অভি শোলাবাড়িয়া গ্রামের ইমরান হোসেনের ছেলে। সে আতাইকুলা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। এ ঘটনায় ইমরান হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, রাতে অভি তার পরিবারের লোকজনের অগোচরে ঘর থেকে বাইরে বের হয়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। পরে তাকে কুপিয়ে হত্যা করে লাশ গ্রামের মাঠে ফেলে যায় দুর্বৃত্তরা।
গতকাল দুপুরে ওই গ্রামে গিয়ে দেখা যায়, তখনো মর্গ থেকে অভির লাশ বাড়িতে পৌঁছায়নি। উৎসুক মানুষ ভিড় জমিয়েছে অভিদের বাড়িতে। তাদের চোখে-মুখে শোকের ছায়া; সঙ্গে উদ্বেগ। কয়েকজন গ্রামবাসী বলেন, এই গ্রামের একটি বাড়িতে রাতে তাঁরা চেঁচামেচির শব্দ শোনেন। সকালে ওই বাড়িতে গিয়ে এর বাসিন্দাদের কাউকে খুঁজে পাওয়া যায়নি। অভির হত্যাকাণ্ডের সঙ্গে এই বাড়ির লোকজনের সংশ্লিষ্টতা থাকতে পারে।
অভির বাবা ইমরান হোসেন বলেন, গ্রামের কারও সঙ্গে তাঁদের শত্রুতা নেই। তবু কেন তাঁর ছেলেকে এভাবে হত্যা করা হলো তা বুঝতে পারছেন না। তিনি ছেলে হত্যার বিচার চান।
তবে অভির চাচা আবদুল বাকী অভিযোগ করেন, এ ঘটনার পর থেকে গ্রামের জালাল শেখ, জয়নাল শেখসহ তাঁদের পরিবারের কাউকে পাওয়া যাচ্ছে না। অথচ তাঁদের গোয়ালঘরে গরু বাঁধা রয়েছে। বাড়ির উঠানে ছিল রক্তের দাগ। এই হত্যাকাণ্ডে তাঁরাই জড়িত থাকতে পারেন।
এই অভিযোগের বিষয়ে পুলিশ কিছু না বললেও কয়েকজন গ্রামবাসী বলেন, সকালে ওই বাড়ির উঠান লেপার চিহ্ন পরিষ্কার। এর আগে রাতে এই বাড়ির দুই ভাই জালাল ও জয়নালকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা গেছে।
আতাইকুলা থানার ওসি বলেন, খুনের ঘটনায় অভির বাবা অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে অভির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।