
জমি দখলের উদ্দেশ্যে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এক ব্যবসায়ীর তিনটি দোকান ও স মিলের (করাতকল) একাংশ গত শুক্রবার গভীর রাতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। লুটপাট করা হয়েছে দোকানের জিনিসপত্র। এ ঘটনায় ক্ষমতাসীন দলের তিন নেতা-কর্মীর বিরুদ্ধে জেলা পুলিশ সুপারের কাছে গতকাল শনিবার লিখিত অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মজিবুর রহমান।
মানিকগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকার, জেলা যুবলীগের সহসভাপতি আবু বকর সিদ্দিক ওরফে তুষার এবং আওয়ামী লীগের সমর্থক আবুল কালাম আজাদের বিরুদ্ধে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ করেছেন মজিবুর রহমান। তিনি বলেন, ‘দোকান গুঁড়িয়ে দেওয়া হচ্ছে এমন খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বিষয়টি মুঠোফোনে সদর থানার ওসিকে জানিয়েছিলাম। কিন্তু পুলিশ ঘটনাস্থলে যায়নি।’
এর আগে গত মে মাসে মজিবুর রহমানের অন্য ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করা হয়। তখন করাতকলের পাশের সাতটি দোকান ভাঙচুর করা হয়। চাঁদা না পেয়ে দোকান ভাঙচুরের অভিযোগে আবু বকর সিদ্দিক ও আবুল কালাম আজাদের বিরুদ্ধে ওই সময় আদালতে মামলা করেন তিনি। তখন থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে গত ৩০ মে ‘চাঁদা না পেয়ে দোকানপাট ভাঙচুর যুবলীগ নেতার’ শিরোনামে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়।
ব্যবসায়ী বলেন, জমিটি দখলের উদ্দেশ্যে বিভিন্ন সময়ে তাঁর কাছ থেকে চাঁদা দাবি করা এবং হুমকি দেওয়া হচ্ছিল। তিনি বলেন, ২০০৩ সালে জমির মালিকানা নিয়ে মানিকগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ জেলা দায়রা ও জজ আদালতে তাঁর বিরুদ্ধে মামলা করে। আদালত তাঁর পক্ষে রায় দেন।
এদিকে দোকান গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় নিজেদের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছেন বাবুল সরকার ও আবু বকর সিদ্দিক। তাঁরা বলেন, ষড়যন্ত্রমূলকভাবে তাঁদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে। ঘটনার সময় তাঁরা ঢাকায় ছিলেন।
আর একাধিকবার চেষ্টা করেও আবুল কালাম আজাদের সঙ্গে কথা বলা যায়নি।
খবর পেয়েও কেন ঘটনাস্থলে পুলিশ যায়নি—এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, মুঠোফোনে খবর পেয়ে ওই এলাকায় টহলের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমানকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। ভাঙচুরের অভিযোগের বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি।
এ বিষয়ে মানিকগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরা বলেন, জমিজমা নিয়ে কোনো সমস্যা থাকলে, তা আদালত মীমাংসা করবেন। তবে রাতের আঁধারে এভাবে ভাঙচুর চালানো বেআইনি। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।