
শুক্রবার সারা দিন স্বামী ইব্রাহিম বিন খলিলের ফোনের প্রতীক্ষায় ছিলেন রুবি আক্তার। বারবার চেষ্টা করেও তাঁকে ফোনে পাচ্ছিলেন না। স্বামীর খোঁজ জানতে সন্ধ্যায় ব্যাংকের ব্যবস্থাপককে ফোন করেন। তবু খোঁজ মেলেনি। শেষে রাত ১০টায় টিভির স্ক্রলে স্বামীর মৃত্যুর সংবাদ পান তিনি।
বৃহস্পতিবার রাত একটায় স্বামীর সঙ্গে শেষবারের মতো কথা হয় রুবি আক্তারের। এর দেড় ঘণ্টা পর ব্যাংকের ভেতরেই খুন হন ইব্রাহিম। তিনি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চট্টগ্রামের মুরাদপুর শাখার নিরাপত্তা রক্ষী। শুক্রবার রাতে ব্যাংক থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
গতকাল শনিবার দুপুরে ইব্রাহিমের লাশ গ্রামের বাড়ি চন্দনাইশ পৌর সদরে নিয়ে যাওয়া হয়। বাড়িতে লাশ আনার পর বারবার মূর্ছা যাচ্ছিলেন রুবি আক্তার। চেতনা ফিরে আসার পর দুই বছরের ছেলে সাইমনকে বুকে জড়িয়ে বিলাপ করছিলেন তিনি। আর ছেলের জন্য সন্তানহারা মা নূরুন্নাহার বেগমের আর্তনাদে আশপাশের পরিবেশ ভারী হয়ে উঠছিল।
ইব্রাহিমের স্ত্রী রুবি আক্তার এবার ডিগ্রি পরীক্ষা দিচ্ছেন। তিন বছর আগে তাঁর বিয়ে হয়। একটিই ছেলে তাঁদের। রুবি আক্তার বলেন, ‘রোববার বাড়ি থেকে সে শহরে যায়। বৃহস্পতিবার রাতে কথা হয়। শুক্রবার বারবার ফোন দিয়ে বন্ধ পাই। এরপর ম্যানেজারকে ফোন দিয়ে খোঁজ করি। পরে টিভিতে দেখি, সে আর নেই। ম্যানেজারকে আবার ফোন করে খবরটি নিশ্চিত হই।’ কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি। কান্না থামিয়ে আবার বলেন, ‘কেন আমার এমন হলো? আল্লাহ হত্যাকারীদের বিচার করুন।’
দুই ভাই তিন বোনের মধ্যে ইব্রাহিম তৃতীয়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। তিন মাস আগে সন্দ্বীপ শাখা থেকে বদলি হয়ে মুরাদপুর শাখায় যোগ দেন ইব্রাহিম। ভাইকে হারিয়ে বোনেরা কান্নায় বুক ভাসাচ্ছেন। ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা আলী আহমদও। তাঁকে সান্ত্বনা দিচ্ছেন পাড়া-প্রতিবেশীরা। গতকাল জানাজা শেষে ইব্রাহিমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ইব্রাহিম খুনের ঘটনায় পাঁচলাইশ থানায় ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা আলী নেওয়াজ বাদী হয়ে মামলা করেছেন। মামলায় অজ্ঞাত পরিচয় তিন-চারজনকে আসামি করা হয়েছে। তবে গতকাল বিকেল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
মামলার তদন্ত কর্মকর্তা পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, ডাকাতির উদ্দেশে ব্যাংকে ঢোকে নিরাপত্তারক্ষীকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ওই দুর্বৃত্তদের ভল্ট সম্পর্কে ধারণা ছিল না বলে মনে হচ্ছে। কারণ, তারা একটি বঁটি ও ছোরা নিয়ে ঢোকে। ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরায় ধরা পড়া ভিডিও ফুটেজ দেখে দুর্বৃত্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
ব্যাংকের সিসি টিভির ফুটেজে দেখা যায়, তিনজন দুর্বৃত্ত কুপিয়ে ও গলা কেটে ইব্রাহিমকে হত্যা করেছে। পরে ব্যাংকের ভল্ট খোলার চেষ্টা করে তারা। ব্যাংকের পেছনের জানালার রড ভেঙে দুর্বৃত্তরা ভেতরে ঢোকে বলে ধারণা করছে পুলিশ।