রাতে নিখোঁজ, সকালে লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী-নোয়াখালী সড়কের মাতুভূঁঞা পুলের পাশের জমি থেকে আজ শনিবার এক যুবকের লাশ উদ্ধার করেছে। তাঁর নাম ফখরুল উদ্দিন চৌধুরী (৩০)। গতকাল রাতে বাড়ি থেকে বের হওয়ার আর ফেরেননি তিনি।

ফখরুল দাগনভূঞা পৌরসভার আজিজ ফাজিলপুর গ্রামের বাসিন্দা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

এ ঘটনায় বাহাদুর ও হিরো নামে দুজনকে আটক করেছে পুলিশ।

ফখরুলের পরিবারের দাবি, একটি মোটরসাইকেল নিয়ে বিরোধের জের ধরে তাঁকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ সকালে উপজেলার মাতুভূঁঞা পুলের পাশে জমিতে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত ফখরুলের ভাই নিজাম উদ্দিন চৌধুরী দাবি করেন, একই গ্রামের পারভেজ নামের এক যুবক এক সপ্তাহ আগে এক ঘণ্টা চালানোর কথা বলে তার ভাইয়ের মোটরসাইকেলটি নিয়েছিল। কিন্তু সেটি আর ফেরত না দিয়ে নানা টালবাহানা শুরু করে। মোটরসাইকেলের জন্য উপজেলার বসুরহাট সড়কে গেলে পারভেজ, হিরো ও বাহাদুর তাঁর ভাই ফখরুলকে মারধর করেন। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে পারভেজ ফখরুলকে ফোন করে ১০ হাজার টাকা নিয়ে মোটরসাইকেল আনতে দাগনভূঞা বাজারে যেতে বলেন। ফখরুল মোটরসাইকেল আনতে গিয়ে আর ফিরে আসেননি। সকালে লাশ উদ্ধারের ঘটনা শুনে সেখানে গিয়ে ফখরুলের লাশ শনাক্ত করেন।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে পারভেজ, হিরো ও বাহাদুরসহ তিনজনকে আসামি করে দাগনভূঞা থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবীর জানান, নিহত ফখরুল ইসলাম চৌধুরী পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।