রাতে পাঁচ শতাধিক ভাস্কর্য তছনছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মৃৎশিল্প ও ভাস্কয বিভাগের সামনে এভাবেই এলোমেলো করে ফেলে রাখা হয় ভাস্কর্যগুলো। ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মৃৎশিল্প ও ভাস্কয বিভাগের সামনে এভাবেই এলোমেলো করে ফেলে রাখা হয় ভাস্কর্যগুলো। ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো

দুই শিক্ষার্থীর দাবি: স্যারদের দৃষ্টি আকর্ষণের জন্য এগুলো উল্টে রাখা হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মৃৎশিল্প ও ভাস্ক বিভাগের প্রবেশপথে পড়ে আছে কিছু ভাস্কর্য। সামনের পলাশতলার চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে আরও কিছু। শিক্ষকদের কক্ষের দরজার সামনে অনেকগুলো শিল্পকর্ম জড়ো করে রাখা হয়েছে। অনুষদজুড়েই এলোমেলোভাবে পড়ে আছে পাঁচ শতাধিক শিল্পকর্ম।

গতকাল মঙ্গলবার সকাল ১০টায় দেখা গেল এমন চিত্র। বিভাগ চত্বরে সাজানো ভাস্কর্যগুলো রাতের অন্ধকারে লন্ডভন্ড করে ফেলে রাখা হয়। শিক্ষার্থীদের পরম যত্নে গড়ে তোলা ভাস্কর্যগুলোর এমন হাল দেখে হতবিহ্বল সবাই। এদিক-সেদিক ঘোরাফেরা করছেন শিক্ষার্থীরা। খবর পেয়ে ছুটে এসেছেন বিশ্ববিদ্যালয়ের অন্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরাও। কীভাবে এমন ঘটনা ঘটল। কারা, কেন শিল্পকর্মগুলো তছনছ করল কেউ তা বলতে পারছেন না। আলোকচিত্র সাংবাদিকেরা ঘুরে ঘুরে ছবি তুলছেন। টিভি চ্যানেলে সম্প্রচার করা হচ্ছিল শিল্পকর্মের ওপর এমন আঘাতের চিত্র।

ঠিক এমন সময়, বেলা ১১টার দিকে বিভাগের চত্বরে এসে হাজির মৃৎশিল্প ও ভাস্ক বিভাগের দুই শিক্ষার্থী। টিভির সম্প্রচার থামিয়ে দিয়ে ডাকলেন সাংবাদিকদের। এরপর তাঁরা যা বললেন, তাতে রীতিমতো হতবাক উপস্থিত সবাই।

দুই শিক্ষার্থী উপস্থিত গণমাধ্যমকর্মীদের কাছে ভাস্কর্য তছনছ করার দায় স্বীকার করে বললেন, ‘চারদিকে নোংরা হয়ে আছে, ঝোপঝাড় হয়ে আছে। এখানে ভাস্কর্যগুলো এমনিতেই নষ্ট হচ্ছে। এটা আমরা স্যারদের দৃষ্টি আকর্ষণ করার জন্য উল্টিয়ে রেখে গেলাম।’ তাঁদের দাবি, চারুকলা অনুষদে কোনো নিরাপত্তাব্যবস্থা নেই। বহিরাগতরা এসে এখানে শিক্ষার্থীদের সঙ্গে খারাপ ব্যবহার করে, ভাস্কর্যগুলোর অযত্ন-অবহেলা করে।

এই দুই শিক্ষার্থী হলেন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ইউসুফ আলী (স্বাধীন) ও ইমরান হোসেন (অনিক)। ইউসুফ আলীর ভাষ্য, ‘আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি, বিভাগের শিল্পকর্মগুলোর নিরাপত্তার জন্য প্রাচীর নির্মাণ করা হোক। কিন্তু এখনো সে দাবি পূরণ হয়নি। তাই এর প্রতিবাদে আমরা শিল্পকর্ম উল্টে রেখেছি।’ রাতের অন্ধকারে কেন এটা করা হলো জানতে চাইলে ইমরান বলেন, ‘দিনের বেলায় এসব করলে স্যাররা বাধা দিতেন। তাই আমরা রাতে করেছি। আমরা ৩০-৪০ জন ছিলাম। আমরা আমাদের শিল্পকর্মের নিরাপত্তা চাই।’

বেলা ১১টার দিকে উপস্থিত হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ও বিশিষ্ট নাট্যকার অধ্যাপক মলয় ভৌমিক। একটি টেলিভিশন চ্যানেল তাঁর বক্তব্য সরাসরি সম্প্রচার শুরু করে। এমন সময় একজন ছাত্র এসে সম্প্রচারে বাধা দেওয়ার চেষ্টা করেন। একজন সাংবাদিক তাঁকে ঠেকান। পরে তাঁরা এ ঘটনার দায় স্বীকার করে বলেন, প্রতিবাদ হিসেবে তাঁরা এটা করেছেন। জবাবে মলয় ভৌমিক বলেন, প্রতিবাদের আরও অনেক ভাষা আছে। শিল্পের মর্যাদার দাবিতে শিল্পকর্মের অবমাননা করা যায় না। এটা প্রতিবাদের ভাষা হতে পারে না।

এ সময় এই শিক্ষার্থীরা মলয় ভৌমিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে মলয় ভৌমিক প্রথম আলোকে বলেন, ছাত্ররা প্রতিবাদ করলে তারা মানববন্ধন করবে, কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেবে, সংবাদ সম্মেলন করতে পারে। কিন্তু রাতের অন্ধকারে নিজের গড়া শিল্পকর্মের অমর্যাদা করে শিল্পের মর্যাদা প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

দুপুর ১২টার দিকে মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের সভাপতি মোস্তফা শরীফ আনোয়ার সাংবাদিকদের বলেন, ‘আজকে যে ঘটনা ঘটেছে, সেটা আসলেই নিন্দনীয়। নিন্দা জ্ঞাপনের ভাষাও জানা নেই। মুক্ত জায়গায় যে শিল্পকর্মগুলো থাকে, সেগুলো প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকে। আমি যদি সেটাকে একটা বদ্ধ ঘরে নিয়ে যাই, তাহলে সেটা অন্য শিল্পকর্ম হলো।’ তিনি বলেন, এ ঘটনায় সবার মনেই আঘাত লেগেছে। সাত শিক্ষার্থী এ কাজ করে শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তাঁরা ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনাও করেছে।

এ ঘটনায় মামলা করছেন না কেন জানতে চাইলে অধ্যাপক মোস্তফা শরীফ বলেন, ‘‌এটা এমন কোনো ঘটনা নয়। শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ, নিরাপত্তা প্রাচীরসহ একাডেমিকভাবে নাজুক পরিস্থিতিতে আছে। শিক্ষকদের নিয়ে তাদের অভিযোগ আছে। ভুল বোঝাবুঝি থেকে এটা হয়েছে। তাদের বুঝিয়ে বলেছি। একাডেমিক শৃঙ্খলা ভঙ্গের জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা প্রশাসনকে বলব।’ তবে বহিরাগতরা কেউ এ কাজ করলে অন্যরকম হতো বলে মন্তব্য করেন তিনি।

বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ওয়াসিক আল করিম বলেন, ‘বিভাগের শিক্ষকদের নিয়মিত ক্লাস না নেওয়া, শিক্ষার্থীদের প্রতি আন্তরিক না হওয়া, অনুষদ চত্বরে নিরাপত্তাব্যবস্থাসহ বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষার্থীরা অনেক দিন ধরে ক্ষুব্ধ ছিল। গতকাল রাতে কিছু শিক্ষার্থী কাজ করতে করতে উত্তেজনার বশে প্রতিবাদ জানাতে গিয়ে এ কাজ করেছেন। তাই আমরা সব শিক্ষার্থী মিলে ভুল স্বীকার করে শিক্ষকদের কাছে ক্ষমা চেয়েছি।’

চারুকলা অনুষদে রাতে দায়িত্বে থাকা নিরাপত্তা প্রহরী জামিল ইরফান প্রথম আলোকে বলেন, রাত পৌনে ১২টার দিকে তিনি মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের সামনে গিয়ে দেখতে পান, বিভাগের কয়েকজন শিক্ষার্থী শিল্পকর্মের কাজ করছেন। রাত দুইটার দিকে তিনি আবারও ওদিকে গিয়ে দেখতে পান, সব ভাস্কর্য ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি আবদুল মজিদ বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি নিয়ে বিভিন্ন উপায়ে আন্দোলন করা যেত। কিন্তু রাতের অন্ধকারে এ ধরনের কর্মকাণ্ড কোনো প্রতিবাদের ভাষা হতে পারে না।

এ ঘটনার প্রতিবাদে বেলা একটার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখা। সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও ফয়সাল আহমেদ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুজিবুল হক আজাদ খান বলেন, বিভিন্ন মাধ্যম হতে আমি ঘটনা শুনেছি। বিভাগ বা অনুষদের পক্ষ থেকে ঘটনা জানালে ব্যবস্থা নেওয়া হবে।

নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘‌এ ঘটনায় থানায় কেউ কোনো ধরনের অভিযোগ করেনি। তবে বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি।’