বহুতল ভবন নির্মাণের জন্য চট্টগ্রামের প্রবর্তক মোড় এলাকায় রাতে পাহাড় কাটার অভিযোগ উঠেছে। এক সপ্তাহ ধরে এক্সকাভেটর (খননযন্ত্র) দিয়ে প্রবর্তক পাহাড় কেটে মাটি অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। পাহাড়ের যে অংশ কাটা হচ্ছে তা প্রাচীর তুলে ঘেরাও করে রাখা হয়েছে।
পাহাড়ি ওই ভূমির মালিকানা প্রবর্তক সংঘ নামে একটি সনাতন ধর্মীয় প্রতিষ্ঠানের। প্রবর্তক মোড়ে তাদের কয়েক একর জায়গা রয়েছে। প্রতিষ্ঠানটি একটি মাধ্যমিক বিদ্যালয় ও মন্দির পরিচালনা করে।
জানা গেছে, দুই একর (১৯৬ শতক) পাহাড় ও টিলা শ্রেণির ভূমিতে বহুতল ভবন নির্মাণে ২০১০ সালে প্রবর্তক সংঘের সঙ্গে আরএফ প্রপার্টিজ চুক্তিবদ্ধ হয়। ১২ তলা ভবন নির্মাণের জন্য ওই বছরই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কাছ থেকে নকশা অনুমোদন নেওয়া হয়। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও নেওয়া হয়। তবে দুটি কর্তৃপক্ষই পাহাড় সংরক্ষণ করে নির্মাণকাজ করার শর্ত জুড়ে দিয়েছিল।
কিন্তু শর্ত ভঙ্গ করে পাহাড় কাটার কারণে পরিবেশ অধিদপ্তরের ২০১১ সালে নির্মাণ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে। আর অনুমোদনের তিন বছরের মধ্যে নির্মাণকাজ শুরু করতে না পারায় নকশাটি বাতিল করে দেয় সিডিএ।
তবে আরএফ প্রপার্টিজের প্রকল্প সমন্বয়ক কাজী আবু তৈয়ব ভবনের নকশার অনুমোদন রয়েছে বলে দাবি করেছেন।
এ বিষয়ে সিডিএর উপপ্রধান নগর পরিকল্পনাবিদ শাহীন উল ইসলাম খান প্রথম আলোকে জানান, নকশা অনুমোদন দেওয়ার সময় বলা হয়েছিল পাহাড় সংরক্ষণ করেই ভবন নির্মাণ করতে হবে। কিন্তু ওই অনুমোদনের মেয়াদ ২০১৩ সালে শেষ হয়ে যায়। এর মধ্যে তারা কাজ শুরু করতে না পারায় নকশা বাতিলের কথা জানিয়ে চিঠিও দেওয়া হয়। এখন যদি আবার কাজ শুরু করে সেটা বেআইনি হবে।
গত বুধবার রাতে সরেজমিনে দেখা যায়, খননযন্ত্র দিয়ে পাহাড় ও টিলা কেটে সমান করা হচ্ছে। ওই রাতে চারটি খননযন্ত্র দিয়ে মাটি কেটে ট্রাকে ভর্তি করতে দেখা গেছে। অন্ধকারে ট্রাক ও খননযন্ত্রের আলোতে মাটি কাটার কাজ চলছিল। প্রায় আটটি ট্রাক মাটি নেওয়ার দায়িত্বে নিয়োজিত ছিল। ভেতরে যখন মাটি কাটা চলছিল, তখন ফটকের বাইরে সাত-আটজন লোক পাহারায় ছিল।
এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ জানান, বুধবার রাতে পুলিশ গিয়ে পাহাড় কাটা বন্ধ করে দিয়েছিল। যদি আবার পাহাড় কাটা হয়, তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
সিডিএ সূত্র জানিয়েছে, বিশদ অঞ্চল পরিকল্পনায় (ড্যাপ) প্রবর্তক সংঘের এই পাহাড়টিকে হেরিটেজ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সূত্র জানায়, পরিবেশ অধিদপ্তরের দেওয়া ছাড়পত্রের মেয়াদ দুই বছর আগে শেষ হয়ে যায়। পরে মেয়াদোত্তীর্ণ নকশা দেখিয়ে ছাড়পত্র নেওয়ার চেষ্টা হলেও তা আর নবায়ন করা যায়নি। এরপর আরএফ কর্তৃপক্ষ প্রতিকার চেয়ে উচ্চ আদালতে যায়।
চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. শহীদুল আলম জানান, নকশা অনুমোদন পেলে ছাড়পত্র দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। যদি সেখানে পাহাড় কাটা হয় তাহলে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে প্রবর্তক সংঘের পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক তিনকড়ি চক্রবর্ত্তী জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র প্রক্রিয়াধীন। নকশার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পুরোনো নকশায় কাজ হচ্ছে। আর রাতে কোনো কাজ হয় না।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আরএফ প্রপার্টিজের প্রকল্প সমন্বয়ক কাজী আবু তৈয়ব বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের মামলার কারণে যথাসময়ে কাজ শুরু করতে পারিনি। পরে আমরা হাইকোর্টে যাই। হাইকোর্ট থেকে আমাদের বিরক্ত না করার জন্য বলে দেয়। সে অনুযায়ী আমাদের পুরোনো নকশাটি সিডিএর বোর্ড সভায় অনুমোদন দেওয়া হয়। এখন মাটি সমান করার কাজ করছি আমরা।’
তবে সিডিএর বোর্ড সদস্য ইউনুচ গনি চৌধুরী বলেন, ‘সিডিএর বোর্ড সভায় এই ধরনের কোনো অনুমোদন হয়নি।’
রাতের অন্ধকারে কেন কাজ চলছে জানতে চাইলে কাজী আবু তৈয়ব জানান, দিনের বেলায় অফিস-আদালত খোলা থাকে, রাস্তায় গাড়ি বেশি থাকে সে জন্য রাতে কাজ হচ্ছে।