রাতে পুলিশের গুলিতে এক যুবক নিহত
রাজধানীর পল্টনে গতকাল সোমবার রাতে মো. শামীম (৩০) নামের এক যুবক পুলিশের গুলিতে নিহত হয়েছেন। গুলিবিদ্ধ আরেক যুবক আবদুল করিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের দাবি, ছিনতাই করে পালানোর সময় তাঁদের লক্ষ করে পুলিশ গুলি ছোড়ে। এতে ওই দুজন ঊরুতে গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়ার পরে শামীম মারা যান। তাঁদের কাছ থেকে ছিনতাই করা এক লাখ টাকাও উদ্ধার করেছে পুলিশ।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, গাড়ি ব্যবসায়ী আহমেদ সাইদুল আলম গতকাল রাত নয়টার দিকে পল্টন এলাকা দিয়ে যাওয়ার সময় কয়েকজন ছিনতাইকারী অস্ত্রের মুখে তাঁর এক লাখ টাকা ছিনিয়ে নেয়। তিনি চিত্কার করলে ওই এলাকায় কর্তব্যরত টহল পুলিশ ছিনতাইকারীদের পিছু ধাওয়া করে এবং একপর্যায়ে গুলি ছোড়ে। এতে দুই যুবকের পায়ে গুলি লাগে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মনসুর আহমেদ সাংবাদিকদের বলেন, গুলিবিদ্ধ দুই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সাধীন অবস্থায় রাত সোয়া ১১টার দিকে শামীম মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ সূত্র জানিয়েছে, রাত ১০টা ৪০ মিনিটে এই দুজনকে হাসপাতালে নিয়ে আসেন পল্টন থানার এসআই শরীফ। রাত সোয়া ১১টার দিকে শামীম মারা যান। তাঁর বিস্তারিত পরিচয় জানা যায়নি। আর হাসপাতালে আহত করিম জানিয়েছেন, তিনি পল্টনে হালকা খাবারের (স্ন্যাকস) একটি দোকানের কর্মী।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, রাত নয়টার দিকে পল্টন মোড় এলাকায় ছিনতাইয়ের পরে ধাওয়া দিয়ে দুজনকে ধরে ফেলে জনতা। এরপর তাদের অক্ষত অবস্থায় পুলিশের হাতে তুলে দেওয়া হয়।