
সড়কবাতি চুরি হয়ে গেছে সেই কবে। সন্ধ্যার পর গোটা এলাকায় থাকে ঘুটঘুটে অন্ধকার। এই সুযোগে নিয়মিত চলে মাদকসেবীদের আড্ডা। সংযোগ অচল থাকায় পানিবিহীন চলছে শৌচাগার। নিয়মিত পরিষ্কার না করায় সেটি ব্যবহারেরও অনুপযোগী হয়ে পড়েছে। সৌন্দর্যবর্ধক পানির ফোয়ারাটিও দীর্ঘদিন ধরে অচল। এক বছর ধরে এভাবেই চলছে জালালাবাদ পার্ক।
সিলেট নগরের কিনব্রিজ এলাকায় উদ্যানটি অবস্থিত। দীর্ঘদিন পরিত্যক্ত থাকার পর ২০১০ সালের জানুয়ারি মাসে সিটি করপোরেশনের তৎকালীন মেয়র বদরউদ্দিন আহমদ কামরান উদ্যানটি সংস্কার করে নগরবাসীর হাঁটাচলার জন্য উন্মুক্ত করে দেন। উদ্যানটি নগরবাসীর কাছে আকর্ষণীয় করতে নানা প্রজাতির গাছের চারা রোপণসহ ভেতরে-বাইরে সৌন্দর্যবর্ধক একাধিক প্রকল্প বাস্তবায়ন করা হয়।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, উদ্যানটি প্রতিদিন সকাল সাতটা থেকে নয়টা ও বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত দুই বেলা নগরবাসীর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। বাকি সময় এটি তালাবদ্ধ থাকে। দুজন কর্মচারী উদ্যানটি নিয়মিত দেখভাল করছেন। এর বাইরে আরও দুজন পরিচ্ছন্নতাকর্মী নিয়মিত উদ্যানের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।
২৩ ডিসেম্বর সকালে সরেজমিনে দেখা গেছে, পুরো উদ্যানটি পরিচ্ছন্ন থাকলেও শৌচাগারের অবস্থা খুবই করুণ। দীর্ঘদিন পরিষ্কার না হওয়ায় সেখান থেকে উৎকট গন্ধ বেরোচ্ছে। শৌচাগারে পানি না থাকায় নারীদের বেশি সমস্যায় পড়তে হচ্ছে। শৌচাগারের পাশের নর্দমায় কয়েকটি ফেনসিডিলের বোতল পড়ে থাকতে দেখা গেল। উঁচু ও নিচু—এ দুই স্তরের সড়কবাতির মধ্যে নিচুতে থাকা অর্ধশতাধিক সড়কবাতির সবগুলোই ভেঙে পড়ে আছে।
উদ্যানটি দেখভাল করার দায়িত্বে নিয়োজিত দুই কর্মচারীর একজন হচ্ছেন মোকাদ্দেস আলী। তিনি জানান, পানি সরবরাহের মোটর ও ফোয়ারাটি এক বছর ধরে বিকল হয়ে আছে। সীমানাপ্রাচীর ভেঙে যাওয়ায় দেয়াল টপকে গভীর রাতে উদ্যানে ঢুকে মাদকসেবীরা আড্ডা বসায়। রাতে এখানে গাঁজার আসর বসে বলে তিনি অভিযোগ করেন।
২২ ডিসেম্বর রাত সাড়ে সাতটায় পার্কে দাঁড়িয়ে কথা হয় অবসরপ্রাপ্ত শিক্ষক আজান আলীর সঙ্গে। তিনি বলেন, জালালাবাদ পার্কটি নগরবাসীর হাঁটাচলার জন্য একমাত্র উদ্যান। এর বাইরে আর কোনো খোলামেলা জায়গা নগরে না থাকায় অনেকেই এখানে নিয়মিত হাঁটতে আসেন। তবে সন্ধ্যার পর পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করতে দ্রুত সড়কবাতিগুলো সচল করা জরুরি।
উদ্যানে মাদকসেবীদের অবাধ আড্ডা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তালতলা এলাকার গৃহিণী সানজানা আক্তার। তিনি বলেন, উদ্যানের ঠিক পাশেই কোতোয়ালি থানা, জেলা প্রশাসকের কার্যালয়, জেলা পুলিশ সুপারের কার্যালয়, জেলা পরিষদ ভবন ও সিলেট সার্কিট হাউসের অবস্থান। এত সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের পাশে মাদকসেবীরা কী করে আড্ডা দেওয়ার সাহস পায়?
কোতোয়ালি থানার ওসি আসাদুজ্জামান বলেন, পুলিশ এখানে নিয়মিত অভিযান চালায়। কিন্তু সুযোগ বুঝে মাদকসেবীরা হুটহাট উদ্যানে ঢুকে গাঁজার আসর বসায়। এটি ঠেকাতে প্রয়োজনে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব প্রথম আলোকে বলেন, উদ্যানটি পরিচ্ছন্ন রাখতেই দিনের বেলা তালাবন্দী করে রাখা হয়। ভাঙা সীমানাপ্রাচীর, অচল ফোয়ারা, মোটর ও সড়কবাতি পুনঃসংস্কারে শিগগির উদ্যোগ নেওয়া হবে।