রাতে বাস-ট্রাকে আগুন
বিএনপির ডাকা লাগাতার ধর্মঘট চলাকালে আজ মঙ্গলবার রাতে ফরিদপুরে বাসে ও বগুড়ায় ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ফরিদপুর
ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকার জেলা শিল্পকলা একাডেমির সামনে রাখা একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মোটর সাইকেলে করে এসে দুই যুবক ওই বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ারসার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। আগুনে বাসের সিট পুড়ে গেছে এবং সামনের গ্লাস ভেঙে গেছে। ফরিদপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বগুড়া
রাত সাড়ে নয়টার দিকে বগুড়ার গোকুল এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের কাঠবোঝাই একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শী তিন থেকে চারজন লোক জানান, কাঠবোঝাই ট্রাকটি বিকল হয়ে পড়লে তা সারানোর কাজ করেন ট্রাকের চালক। এ সুযোগে কয়েকজন দুর্বৃত্তরা ট্রাকে আগুন ধরিয়ে দেয়। আগুনে ট্রাকটির সামনের ইঞ্জিনের অংশ পুড়ে যায়। পরে পুলিশ এসে আগুন নেভায়। বগুড়ার পুলিশ সুপার মো. মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।