রাতে বাড়ি থেকে তুলে নিয়ে গৃহবধূকে গলা কেটে হত্যার চেষ্টা
গৃহবধূকে রাতের আঁধারে বাড়ি থেকে তুলে নিয়ে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রংপুর নগরের জগদিশপুর শাহপাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করেছে।
ভুক্তভোগী গৃহবধূর নাম নূরজাহান (২০)। তিনি রংপুর নগরের ১০ নম্বর ওয়ার্ডের জগদিশপুর শাহপাড়ার মৃত নূর ইসলামের মেয়ে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নূরজাহান।
এ ঘটনায় নূরজাহানের স্বামী শাহজাহানকে গতকাল বৃহস্পতিবার তাঁর শ্বশুরবাড়ি এলাকা থেকে আটক করে পুলিশে দেন স্থানীয় ব্যক্তিরা।
রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ভগতিপুর পানবাড়ী এলাকার শাহজাহানের সঙ্গে চার মাস আগে নূরজাহানের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে বনিবনা হচ্ছিল না। এ অবস্থায় ১১ দিন আগে নূরজাহান তাঁর বাবার বাড়ি চলে আসেন।
নূরজাহানের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে নূরজাহান ও তাঁর মা একই বিছানায় ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে নূরজাহান ঘরের বাইরে বের হন। আগে থেকেই ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁর মুখ বেঁধে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে মক্তবপুর এলাকায় নিয়ে যায়। সেখানে তাঁর গলা কেটে তাঁকে ধানখেতে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। রাত দুইটার দিকে মা ছবিলা খাতুন মেয়েকে বিছানায় দেখতে না পেয়ে চমকে ওঠেন। বাড়ির কোথাও খুঁজে না পেয়ে রাতভর আশপাশের এলাকায় খোঁজ করেন তাঁরা। সকাল সাতটার দিকে খবর পান, মক্তবপুর এলাকার ধানখেতে নূরজাহানকে রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে। পরে দ্রুত তাঁকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। নূরজাহান এখন কোনো কথা বলতে পারছেন না। তবে তিনি লিখে ঘটনার সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছেন। তাঁর স্বামী এ ঘটনায় জড়িত বলে তিনি অভিযোগ করেছেন।
হাসপাতালে নূরজাহানের চাচা আকবর আলী বলেন, নূরজাহান উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়েছেন। রাতে মেয়েকে ঘরে না পেয়ে তাঁরা সারা রাত খোঁজাখুঁজি করেন, কিন্তু কোথাও পাননি। পরে সকালে জানতে পারেন, পাশের গ্রামে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন তাঁদের মেয়ে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিভাগে চিকিৎসাধীন আছেন নূরজাহান। ওই বিভাগের কর্তব্যরত চিকিৎসক গোলাম সোহরাব হোসেন বলেন, নূরজাহানের গলায় ছুরি চালানোর ক্ষত রয়েছে। তাঁর জরুরি অস্ত্রোপচার করা হয়েছে। তবে এখনো শঙ্কামুক্ত নন তিনি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, এ ঘটনায় নূরজাহানের বড় ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে তাঁর স্বামী শাহজাহানসহ আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে থানায় মামলা করেছেন। মামলায় শাহজাহানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।