চট্টগ্রামের ফটিকছড়ির বৈদ্যেরহাট এলাকা থেকে গতকাল রোববার সকালে এক কারখানার শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম রিপন দে (১৮)। পুলিশের ধারণা, শনিবার রাতে তাঁকে হত্যা করা হয়েছে।
নিহত রিপন দে উপজেলার ভূজপুর থানাধীন সুয়াবিল বারমাসিয়া উত্তর হিন্দুপাড়ার গণেশ দের একমাত্র ছেলে। স্বজনেরা বলেন, রিপন উপজেলার বৈদ্যেরহাট বাজারে ‘জিসান সিএনজি গ্যারেজে’ কাজ করত। কর্মস্থল থেকে তাঁর বাড়ির দূরত্ব এক কিলোমিটার। শনিবার রাতে গ্যারেজ থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। কিন্তু এরপর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
রিপনের বাবা গণেশ দে সাংবাদিকদের বলেন, কারও সঙ্গে তাঁর ছেলের বিরোধ ছিল না। তিনি ছেলে হত্যার বিচার দাবি করেন।
জিসান সিএনজি গ্যারেজের মালিক মো. হেলাল বলেন, শনিবার রাত সাড়ে ১২টায় গ্যারেজ বন্ধ করে রিপন বাড়ির উদ্দেশে বের হন। সকালে তিনি শুনতে পান রিপন মারা গেছেন। তাঁর লাশ রাস্তায় পড়ে আছে।
ভূজপুর থানার উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ হেলাল উদ্দিন বলেন, লাশের বুকে ও হাতে জখমের চিহ্ন রয়েছে।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম লিয়াকত আলী বলেন, হত্যার ঘটনায় পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতনামা
ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়েছে।