রাতে বাড়িতে ঢুকে হামলা, চারজন আহত, গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুদের খেলাকে কেন্দ্র করে নেত্রকোনা সদর উপজেলায় গত রোববার গভীর রাতে বাড়িতে হামলা চালিয়ে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ সময় শিশুসহ তিনজনকে পিটিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় গতকাল সোমবার চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আহত চারজন হলেন বাশাটি গ্রামের জহুরা আক্তার (৪৮), তাঁর স্বামী হাবিবুর রহমান (৫৫), ছেলে মো. ইব্রাহিম মিয়া (১২) ও রুহুল আমিন (১৮)। তাঁদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ওই নারীকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি শঙ্কামুক্ত।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হক মিয়া (৩০), সবুজ মিয়া (২৫), হাসেম মিয়া (৩০) ও হাকিম মিয়া (২৫)। তাঁদের বাড়িও বাশাটি গ্রামে। গ্রেপ্তার হওয়ায় অভিযোগের বিষয়ে তাঁদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

এলাকার কয়েকজন, পুলিশ ও আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, রোববার দুপুরে হাবিবুর রহমানের ছেলে মো. ইব্রাহিম মিয়ার সঙ্গে একই গ্রামের কাশেম মিয়ার ছেলে নাজমুল হকের (১৩) বল খেলা নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে এ ঘটনা নিয়ে বড়দের মধ্যে ঝগড়া বাধে। পরে স্থানীয় লোকজন তা থামায়। এ ঘটনাকে কেন্দ্র করে রাত দেড়টার দিকে হাবিবের বাড়িতে কাশেমের পক্ষের গ্রেপ্তার হওয়া চারজনসহ রহিছ মিয়া ও ইসলাম উদ্দিন হামলা চালায়। এ সময় হাবিব ও তাঁর পরিবারের লোকজন ঘুমে ছিলেন। হামলাকারীরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে হাবিবকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়। রুহুল আমিন ও ইব্রাহিমকেও পিটিয়ে জখম করা হয়। এ সময় জহুরা আক্তার বাধা দিলে তাঁকে রড দিয়ে আঘাত করা হয়। রাতেই স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। পরদিন পুলিশ চারজনকে আটক করে।

জহুরার বড় বোন পাশের বাড়ির জমিলা আক্তার বলেন, ‘ছুটে এসে দেখি সবুজ মিয়া ও ইসলাম উদ্দিন আমার বোনকে নির্যাতন করছে।’

আহত ব্যক্তিদের হাসপাতালে দেখতে আসা কালীয়ারা গাবরাগাতি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ আর আলী আজগর খান পাঠান এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান বলেন, এ ঘটনায় সোমবার বিকেলে হাবিবুর রহমান ছয়জনের নামে মামলা করেছেন। তাতে আটক চারজন রয়েছেন। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।