রাতে ভয়ংকর হয়ে উঠল 'বয়স্ক' সহপাঠী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুরা এলোমেলো ঘুরে বেড়াচ্ছে। কারও চোখে-মুখে আতঙ্ক, কেউ চুপচাপ। কেউ গাট্টি-বোঁচকা নিয়ে মা-বাবার অপেক্ষায়। আর কেউ হত্যাকাণ্ড সম্পর্কে যা শুনেছে, তা বলার জন্য ছটফট করছে। জিজ্ঞাসা করতেই একসঙ্গে হড়বড় করে অনেক কথা বলছে। তাদের বয়স সাড়ে চার থেকে ১৩ বছর।

গুলিস্তানের মদিনাতুল উলুম নামের হাফেজি মাদ্রাসায় গতকাল সোমবার দুপুরের পর এই চিত্র দেখা গেল। গতকাল ভোরবেলায় মাদ্রাসায় ১২ বছর বয়সী এক ছাত্রকে গলাকেটে হত্যা করে সেপটিক ট্যাংকে ফেলে দেওয়া হয়। নিহত ছাত্রের নাম মো. জিদান ওরফে আবদুর রহমান। আর হত্যার ঘটনায় অভিযুক্ত একই মাদ্রাসার ছাত্র, বয়স ১৬ বছর। দুজনই ‘হিফ্‌জ’ শ্রেণির ছাত্র। ওই হত্যাকাণ্ডের পর মাদ্রাসার দেয়ালের ওপর দেওয়া কাঠের বেড়া ভেঙে পালিয়ে যায় অভিযুক্ত কিশোর।

গুলিস্তানে সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের কোনায় মাদ্রাসাটির অবস্থান। সামনের ফুটপাত আর রাস্তাজুড়ে বাস কাউন্টার, ভাসমান বিক্রেতাদের দোকান। বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই ভেতরে মাদ্রাসা আছে। মাদ্রাসার রংচটা সবুজ লোহার ফটকটি সব সময়ই বন্ধ থাকে। দেখা গেল, ফটকের সামনে দাঁড়িয়ে কয়েকজন নারী-পুরুষ ফোকর দিয়ে ভেতরের শিশুদের সঙ্গে কথা বলছেন।

একজন নারী জানালেন, তাঁর নাতি এখানে পড়ে। হত্যার খবর শুনে এসেছেন। তিনি নাতিকে নিয়ে যেতে চান।

অনুরোধ করা হলে ভেতর থেকে একজন ফটকটি এই প্রতিবেদকের জন্য খুলে দেন। ভেতরে ঢুকেই কয়েক হাত পরে একই রকম আরেকটি লোহার ফটক। সেটি পেরিয়ে মূল মাদ্রাসা প্রাঙ্গণ। টিনের চালা দেওয়া আধা পাকা ভবন। চারদিকে উঁচু দেয়াল, বাইরে দেখার কোনো জানালা নেই। আনুমানিক দেড় হাজার বর্গফুট জায়গা নিয়ে এই মাদ্রাসা। এখানে নুরানি, নাজারা ও হিফ্‌জ এই তিনটি শ্রেণিতে প্রায় ১০০ শিশু-কিশোর পড়াশোনা করে। হত্যার ঘটনায় অভিযুক্ত কিশোরকে বলা হচ্ছে এই মাদ্রাসার সবচেয়ে ‘সিনিয়র’ ছাত্র। নুরানি শ্রেণির ছাত্রদের মধ্যে সাড়ে চার থেকে পাঁচ বছর বয়সী শিশুও রয়েছে। ১০ বছরের কম বয়সী শিশুর সংখ্যা অর্ধশতাধিক।

জড়ো হওয়া অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেল, দিনে যে মাদুরে বসে তারা পড়ে, রাতে সেই মাদুরের ওপরই ঘুমায়। সপ্তাহে কেবল শুক্রবার শিশুরা জুমার নামাজ পড়তে মাদ্রাসা প্রাঙ্গণের বাইরে পাশের মসজিদে যেতে পারে। এ ছাড়া পুরো ২৪ ঘণ্টা এখানেই তারা থাকে। বছরের দুই ঈদ আর একবার পরীক্ষার পর শিশুরা বাড়িতে মা-বাবার কাছে যেতে পারে।

মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, রাত দুইটার দিকে অভিযুক্ত ছাত্রটি ছুরি হাতে জিদানের বুকে চেপে বসে। এ সময় হুটোপুটিতে দুই ছাত্রের ঘুম ভেঙে যায়। তবে ভয়ে তারা ঘুমের ভান করে পড়ে ছিল। অন্য ছাত্ররা মেঝেতে পাতা ঢালা বিছানায় ঘুমাচ্ছিল। পরে রাত সাড়ে তিনটার দিকে মাদ্রাসার এক শিক্ষক ঘুম থেকে উঠে বাথরুমে যাওয়ার সময় রক্তের দাগ দেখে চিৎকার শুরু করেন। পরে জিদানকে খুঁজে পাওয়া যায় সেপটিক ট্যাংকে। তাঁকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

মাদ্রাসার হিফ্‌জ বিভাগের প্রধান মোহাম্মদ মাইনুদ্দিন বলেন, ভোররাত সাড়ে তিনটার দিকে তিনি তাঁর কক্ষের পাশের শৌচাগারে যাচ্ছিলেন। এ সময় তিনি হত্যার বিষয়টি বুঝতে পারেন।

নিহত শিশুটির সুরতহাল প্রতিবেদনে পুলিশ লিখেছে, জিদানের গলায় চার ইঞ্চি গভীর ক্ষত রয়েছে।

মাদ্রাসায় এ বিষয়ে কথা বলতে গেলে শিশুরা ভিড় জমিয়ে ফেলে। তারা এ প্রতিবেদকের মুঠোফোন, ব্যাগ নেড়েচেড়ে দেখছিল। একজন বলল, ‘জানেন, ওই ট্যাংকের মধ্যে লাশ ফেলায়া দিছিল।’ বলতে বলতেই আরেকজন এসে হাত ধরে টেনে সেপটিক ট্যাংক দেখাতে নিয়ে যায়। ময়মনসিংহ থেকে আসা একটি শিশু বলছিল, জিদান তার বন্ধু। জিদানের বাড়িও ময়মনসিংহে। তবে গত কোরবানির আগ পর্যন্ত জিদানের সঙ্গে অভিযুক্ত কিশোরের গলায়-গলায় সম্পর্ক ছিল। কিশোরটি জিদানকে দিয়ে কাপড় কাচা, খাবার আনাসহ নানা কাজ করাত। জিদান করতে না চাইলে সে তাকে মারত। এ নিয়ে জিদান শিক্ষকদের কাছেও অভিযোগ দিয়েছিল।

মাদ্রাসার শিক্ষকেরাও জিদানের সঙ্গে ওই কিশোরের দ্বন্দ্বের বিষয়টি জানতেন। তবে এটা যে এই পর্যায়ে গড়াবে, তা ঘুণাক্ষরেও ধারণা করেননি কেউ। তবে শিক্ষকদের একজন জানালেন, কিশোরটি কোত্থেকে যেন একটি ছুরি জোগাড় করেছিল। মাদ্রাসার এক শিক্ষক ওই কিশোরের কাছ থেকে ছুরিটি নিয়ে রেখেও দিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, ওই ছুরি দিয়েই জিদানকে হত্যা করা হয়েছে।

ওই ঘটনা জানতে মাদ্রাসা থেকে দুটি শিশুকে পুলিশ থানায় নিয়ে গেছে বলে জানা গেল। বিকেলের দিকে ওই দুটি শিশুর একজনের বাবা মাদ্রাসায় আসেন। তিনি ফটক দিয়ে ঢুকতেই অন্য শিশুরা বলা শুরু করে, ‘আপনার পোলারে তো পুলিশ নিয়া গ্যাছে।’ বাবা জিজ্ঞেস করেন, ‘সাড়ে নয় বছরের পোলারে পুলিশ ধরব ক্যা।’ আরেকটি শিশু জবাব দেয়, ‘হ্যারে সাক্ষী করছে।’ বাবা রেগে চিৎকার করতে করতে মাদ্রাসার শিক্ষকদের কাছে যান।

নিহত জিদানের বাবার নাম হাফিজউদ্দীন। ময়মনসিংহের গফরগাঁওয়ে তাঁদের বাড়ি। সে তিন বছর ধরে এই মাদ্রাসায় পড়ছিল।

পুলিশ অভিযুক্ত কিশোরকে ধরার জন্য অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার আনোয়ার হোসেন।