রাতে মামলা, সকালে বাদীর লাশ উদ্ধার
হবিগঞ্জের নবীগঞ্জে মারধরের একটি ঘটনায় গত সোমবার রাতে মামলা করেন গোলাপ আলী (৫০) নামের এক ব্যক্তি। গতকাল মঙ্গলবার সকালে বাড়ির পাশেই তাঁর লাশ পাওয়া যায়। লাশ উদ্ধারের পর মারধরের মামলার আসামির স্ত্রীকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানান, নবীগঞ্জ উপজেলার চরগাঁও গ্রামের গোলাপ আলীর বাসার চালার ওপর দিয়ে ডিশ লাইনের সংযোগ নিয়েছেন তাঁর চাচাতো ভাই তালেব আলী। এ নিয়ে সোমবার সন্ধ্যায় তালেব আলীর সঙ্গে গোলাপ আলীর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে গোলাপ আলীর ছেলে সুমন মিয়াকে মারধর করেন তালেব আলী এবং তাঁর লোকজন। এ ঘটনায় গোলাপ আলী রাত ১০টায় নবীগঞ্জ থানায় মামলা করেন। থানা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন তিনি।
গোলাপ আলীর ছেলে শাহীন মিয়া বলেন, তাঁর বাবা স্থানীয় কয়েকজনকে নিয়ে থানায় যান মামলা করতে। পরে এলাকায় ফিরে যে যাঁর বাড়িতে চলে যান। কিন্তু তাঁর বাবা রাতে আর বাসায় ফেরেননি। পরিবারের সদস্যরা রাতেই নবীগঞ্জ থানায় বিষয়টি জানান। গতকাল সকাল ১০টার দিকে এলাকাবাসী গ্রামের নয়াবাড়ি কবরস্থানের পাশে একটি নির্জন স্থানে গোলাপ আলীর লাশ পড়ে থাকতে দেখেন।
পুলিশ জানায়, গোলাপ আলীর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, মারধরের পর শ্বাসরোধে তাঁকে হত্যা করা হয়েছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতাউর রহমান বলেন, গোলাপ আলীর পরিবারের সদস্যরা এই হত্যাকাণ্ডের জন্য তালেব আলীকে সন্দেহ করছেন।