রাতে রাজধানীতে ৫ গাড়িতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবরোধে রাজধানীর বিভিন্ন স্থানে আজ বৃহস্পতিবার রাতে অন্তত পাঁচটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা বদন সরকার জানান, সন্ধ্যার পর থেকে রাত ১০ টা নাগাদ এসব গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর মধ্যে কয়েকটির আগুন স্থানীয় লোকজন নিভিয়ে ফেলেন। ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েকটির আগুন নেভায়। এসব ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যা ছয়টার দিকে রামপুরা টিভি ভবনের সামনের একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়া হয়। এর কিছুক্ষণ পর রামপুরা কাঁচাবাজার এলাকায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
সন্ধ্যা সোয়া সাতটার দিকে কমলাপুর টিটিপাড়া কলোনির সামনে একুশে পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।
এ দিকে রাত সাড়ে আটার দিকে গাবতলী বাস টার্মিনালে যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়া হয়। এ ছাড়া নয়টার দিকে মালিবাগ আবুল হোটেলের সামনে বন্ধু পরিবহনের একটি মিনি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।