রাতে রাজধানীতে ৭টি গাড়িতে আগুন
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের লাগাতার অবরোধে আজ বৃহস্পতিবার রাতে রাজধানীতে সাতটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সন্ধ্যার পর থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত গাড়িগুলোয় আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ সূত্রে এ তথ্য জানা যায়।
নিয়ন্ত্রণকক্ষ সূত্র জানায়, সন্ধ্যা সাতটার দিকে কমলাপুর টিটিপাড়া কলোনির সামনে রাখা একটি পিকআপ ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।
সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মহাখালী ফ্লাইওভারের নিচে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে আগুন নেভান। এ ছাড়া সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে বাবুবাজার ব্রিজের নিচে, সোয়া আটটার দিকে মিরপুর ফায়ার সার্ভিসের কার্যালয়ের সামনের সড়কে, ৮টা ৪০ মিনিটে মিরপুর-১ ফ্লাইওভারের নিচে, ৯টা ১০ মিনিটে শান্তিনগর বাজার এলাকায় ও ৯টা ২০ মিনিটে কল্যাণপুরে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বরত কর্মকর্তা মোহাম্মাদ আলী জানান, আগুনে যানবাহনের ক্ষতি হয়েছে, তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।