রাতে শয়নকক্ষে ঢুকে সাংবাদিকের ওপর হামলা
দুর্বৃত্তদের দেশীয় অস্ত্রের আঘাতে কিশোরগঞ্জের সাংবাদিক দৈনিক কালের কণ্ঠ-এর হাওরাঞ্চলের নিজস্ব প্রতিবেদক নাসরুল আনোয়ার গুরুতর আহত হয়েছেন।গতকাল রোববার ভোরে বাজিতপুর পৌর শহরের বসন্তপুর মহল্লায় তাঁর বাড়ির শয়নকক্ষে ঢুকে দুর্বৃত্তরা তাঁর ওপর আঘাত করে।
নাসরুল আনোয়ারের ওপর হামলার ঘটনায় কিশোরগঞ্জ, বাজিতপুর ও ভৈরব প্রেসক্লাব এবং বাজিতপুর রিপোর্টার্স ক্লাব নিন্দা জানিয়েছে। এসব সংগঠন এ হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে।
পরিবারের সদস্যরা জানান, গত শনিবার দিবাগত রাত ১২টার পর নাসরুল তাঁর শয়নকক্ষে ঘুমাতে যান। এই কক্ষে তিনি ছাড়াও তাঁর স্ত্রী ও দুই সন্তান ছিলেন। ভোর চারটার দিকে ওই কক্ষে কারও নড়াচড়ার শব্দ পেয়ে তাঁর ঘুম ভেঙে যায়। এ সময় এক দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে বল্লম ছুড়ে মারে। এটি তাঁর বাম হাতে বিদ্ধ হয়। এরপর তিনি ও তাঁর স্ত্রী চিৎকার শুরু করলে ওই দুর্বৃত্ত পালিয়ে যায়।
স্বজনেরা ভোরে আশঙ্কাজনক অবস্থায় নাসরুল আনোয়ারকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। নাসরুল আনোয়ার বলেন, ‘ধারণা করছি, পেশাগত কারণে কোনো একটি মহল আমার প্রতি ক্ষুব্ধ হয়ে থাকতে পারে। সেই কারণে হয়তো দুর্বৃত্তরা অন্ধকারে ঘুমন্ত অবস্থায় আমার ওপর হামলা চালানোর চেষ্টা করেছে।’
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত সাহা বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।