রাতে হঠাৎ গাড়ি ভাঙচুর চট্টগ্রামে
চট্টগ্রাম নগরে গতকাল বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের নেতা-কর্মীরা লাঠিসোঁটা ও হকিস্টিক নিয়ে এলোপাতাড়ি গাড়ি ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রাত সোয়া ১০টার দিকে জিইসি মোড় থেকে গোলপাহাড় মোড় এলাকা পর্যন্ত এ ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের নেতা-কর্মীরা কমপক্ষে ১০-১৫টি গাড়ি ভাঙচুর করেন। এ সময় জিইসি মোড় এলাকায় নিউ স্টার ল্যাব নামের একটি রোগনির্ণয় কেন্দ্রও ভাঙচুর করা হয়।
নিউ স্টার ল্যাবের আইটি প্রকৌশলী এস এম কায়সার প্রথম আলোকে বলেন, সাত-আটজন যুবক হঠাৎ ভেতরে ঢুকে চিকিৎসকের কক্ষ, অভ্যর্থনাকক্ষ ভাঙচুর করেন। এ সময় কেন্দ্রের ভেতরে থাকা প্রায় ৩০ জন রোগী ও তাঁদের স্বজনেরা আতঙ্কিত হয়ে পড়েন।
গতকাল রাত সাড়ে ১০টায় গোলপাহাড় মোড় এলাকায় গিয়ে ভাঙচুর হওয়া তিনটি গাড়ি দেখা যায়। এর মধ্যে বেসরকারি টেলিভিশন ইনডিপেনডেন্টের একটি ছোট মাইক্রোবাসও ছিল। গোলপাহাড় মোড় এলাকায় একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথে দায়িত্বরত নিরাপত্তাকর্মী মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ২০-৩০ জন যুবক হাতে হকিস্টিক ও লাঠিসোঁটা নিয়ে সড়কের ওপর রাখা গাড়ি এলোপাতাড়িভাবে ভাঙচুর করতে থাকেন।
জানতে চাইলে নগরের চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহমেদ প্রথম আলোকে বলেন, নগরের বন্দরটিলা এলাকায় গতকাল সন্ধ্যার দিকে ওমরগণি এমইএস কলেজ শাখা ছাত্রলীগের কয়েকজন কর্মীর সঙ্গে স্থানীয় লোকদের হাতাহাতি হয়। এর জের ধরে রাতে এই কলেজের ছাত্রলীগের নেতা-কর্মীরা জিইসি মোড় থেকে গোলপাহাড় পর্যন্ত কয়েকটি গাড়ি ভাঙচুর করেছেন। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে বক্তব্য জানতে চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিমের মুঠোফোনে কয়েক দফা ফোন করা হলেও তিনি তা ধরেননি।
হামলায় গ্রুপ ফোরের একটি গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় গাড়িতে চালকের আসনে ছিলেন গ্রুপের সহকারী ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স ও অ্যাডমিন) আহমেদ গোলাম কিবরিয়া। তিনি রাতে প্রথম আলোকে বলেন, হঠাৎ করে কয়েকজন যুবক লাঠিসোঁটা দিয়ে গাড়ি ভাঙচুর করেন। কেউ কিছু বুঝে ওঠার আগেই তাঁরা চলে যান।