রাতের অন্ধকারে সড়কের গাছ কেটে সাবাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার গফরগাঁও-টোক সড়কের দুই পাশের সরকারি গাছ রাতের অন্ধকারে দুর্বৃত্তরা কেটে নিচ্ছে। গত কয়েক দিনে ২৫টি গাছ কেটে নেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার ওই এলাকার বাসিন্দারা বলেন, গফরগাঁও-টোক সড়কের মাইজবাড়ী-কান্দিপাড়া অংশের সৈয়দপাড়া ও লংগাইর এলাকা থেকে গত শনিবার রাত থেকে সোমবার রাত পর্যন্ত সড়কের দুই পাশের প্রায় ২৫টি শিশুগাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা। রাতের অন্ধকারে গাছ কেটে নেওয়ার শব্দ পাওয়া গেলেও ভয়ে কেউ বাধা দিতে যান না। কেটে নেওয়া গাছের মূল্য আনুমানিক চার লাখ টাকা।
গাছ কেটে নেওয়ার খবর পেয়ে গতকাল দুপুরে গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভারপ্রাপ্ত উপজেলা প্রকৌশলী তফাজ্জল হোসেনকে সরেজমিনে তদন্ত করার নির্দেশ দেন।
তফাজ্জল হোসেন বলেন, তিনি ঘটনাস্থলে লোক পাঠিয়ে খবর নিয়েছেন। স্থানীয় ব্যক্তিরা ২০-২৫টি গাছ কেটে নেওয়ার কথা বললেও পাঁচ থেকে ছয়টি গাছ কেটে নেওয়ার খবর নিশ্চিত করা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ শংকর কুণ্ডু বলেন, কাছ কাটার অভিযোগ তদন্ত করে মামলার করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ওই এলাকায় রাতের বেলায় পুলিশের টহল জোরদার করতে বলা হয়েছে।