বরগুনার আমতলী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. মজিবুর রহমানের বিরুদ্ধে রাতের আঁধারে তালা ভেঙে অধ্যক্ষের কার্যালয় দখলের অভিযোগ পাওয়া গেছে। প্রতিবাদে কলেজের শিক্ষক-কর্মচারীরা গতকাল রোববার পাঠদান বর্জনসহ শহীদ মিনারে তিন ঘণ্টা অবস্থান ধর্মঘট পালন করেন।
আমতলী কলেজ প্রশাসন সূত্র জানায়, চলতি বছরের ৭ এপ্রিল আমতলী ডিগ্রি কলেজকে জাতীয়করণ করার পর গত ৩০ জুন বরিশালের সরকারি ফজলুল হক কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাসুদ রেজাকে সংযুক্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয় শিক্ষা মন্ত্রণালয়। তিনি ১১ জুলাই যোগদান করেন। পরবর্তী সময়ে সাবেক অধ্যক্ষ মো. মজিবুর রহমান মাসুদ রেজার নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে একটি রিট করেন। আদালত গত ৬ সেপ্টেম্বর শুনানি শেষে মাসুদ রেজার নিয়োগ স্থগিত করে সরকারের প্রতি কারণ দর্শানোর নোটিশ জারি করেন। এরপরই শুরু হয় অধ্যক্ষের পদ নিয়ে দ্বন্দ্ব। এর জের ধরে শিক্ষক-কর্মচারীরাও দ্বিধাবিভক্ত হয়ে পড়েন। এর পরিপ্রেক্ষিতে অধ্যক্ষ মো. মাসুদ রেজা গত ২২ সেপ্টেম্বর ছুটি নিয়ে বাড়ি যান। এ সময় সহকারী অধ্যাপক আবুল হোসেন বিশ্বাসকে চলতি অধ্যক্ষের দায়িত্ব দিয়ে যান তিনি। ছুটিতে থাকা অবস্থায় ১৩ অক্টোবর তাঁকে রাঙামাটি সরকারি কলেজে সহযোগী অধ্যাপক হিসেবে বদলি করা হয়।
শিক্ষকেরা জানান, মাসুদ রেজার বদলির খবর পেয়ে মজিবুর রহমান শনিবার গভীর রাতে বহিরাগত লোকজন নিয়ে অধ্যক্ষের কার্যালয়ের তালা ভেঙে দখল করে নেন। রোববার সকালে মো. আবুল হোসেন বিশ্বাস কলেজে এসে দেখেন অধ্যক্ষের কক্ষ দখল হয়ে গেছে।
প্রতিবাদে সাধারণ শিক্ষকেরা কলেজে পাঠদান বর্জন করে বাইরে বেরিয়ে আসেন। সকাল ১০টার দিকে তাঁরা কলেজের শহীদ মিনারে এসে অবস্থান ধর্মঘট শুরু করেন। চলে বেলা একটা পর্যন্ত। এ সময় সমাবেশে বক্তব্য দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হোসেন বিশ্বাস, শিক্ষক গাজী আবদুল মান্নান, মো. হোসেন আলী প্রমুখ।
আবুল হোসেন বিশ্বাস বলেন, ‘একজন শিক্ষক হয়ে রাতের আঁধারে চর দখলের মতো অধ্যক্ষের অফিস দখল করার বিষয়টি খুবই দুঃখজনক। এটা মেনে নেওয়া যায় না, তাই শিক্ষক-কর্মচারীরা আন্দোলন শুরু করেছি। যতক্ষণ পর্যন্ত মজিবুর রহমানকে অপসারণ না করা হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে।’
মো. মজিবুর রহমান বলেন, ‘নিয়ম অনুযায়ী আমি এই কলেজের অধ্যক্ষ। কারণ সংযুক্ত অধ্যক্ষ হিসেবে মাসুদ রেজাকে নিয়োগ দেওয়ার সময় আমাকে অধ্যক্ষের পদ থেকে বাতিল করেনি মন্ত্রণালয়। এখন যেহেতু মাসুদ রেজাকে অন্যত্র বদলি করা হয়েছে, সে হিসেবে এখন আমিই এই কলেজের বৈধ অধ্যক্ষ।’
বৈধ অধ্যক্ষ হলে কেন রাতে তালা ভেঙে কক্ষ দখল করলেন এমন প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমি তা করিনি। বৈধ অধ্যক্ষ হিসেবে আমি আমার নির্ধারিত অফিসে তালা খুলে বসেছি।’
মো. মাসুদ রেজা বলেন, ‘আমাকে বদলি করা হয়েছে ঠিকই, কিন্তু আমি আমতলী কলেজের অধ্যক্ষের দায়িত্ব এখনো কাউকে বুঝিয়ে দিইনি। তা ছাড়া আমার অবর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে আবুল হোসেন বিশ্বাস দায়িত্বে আছেন।’