রাতের কাজে নিম্নমানের সামগ্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া শহরের প্রধান সড়কসহ দুটি সড়কের পাশে পানি নিষ্কাশনের বড় নালা নির্মাণ করা হচ্ছে। একই সঙ্গে সড়ক প্রশস্তসহ সংস্কারের কাজ চলছে। অভিযোগ উঠেছে, রাতের আঁধারে ইট-বালু-খোয়া দিয়ে সড়ক নির্মাণ করা হচ্ছে। এতে খুবই নিম্নমানের সামগ্রী ব্যবহার করছেন সংশ্লিষ্ট ঠিকাদার।

বিষয়টি স্বীকার করে কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী বলেন, ‘ঠিকাদারের কাজই চুরি করা। পৌরসভার জনবল কম থাকায় সবকিছু দেখা সম্ভব হচ্ছে না। এরপর যতটুকু সম্ভব কাজ বুঝে নেওয়া হচ্ছে। রাতের বেলায় কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।’

পৌরসভা সূত্রে জানা গেছে, শহরের মজমপুর থেকে বড় বাজার পর্যন্ত এনএস রোডের প্রায় সোয়া দুই কিলোমিটার ও মজমপুর থেকে রেনউইক কার্যালয় পর্যন্ত চৌধুরী কওসের উদ্দীন সড়কে প্রায় পৌনে এক কিলোমিটার পৌরসভার পানি নিষ্কাশনের জন্য প্রধান নালা নির্মাণ করা হচ্ছে। একই সঙ্গে নালা নির্মাণের ফলে প্রশস্ত হওয়া সড়কের অংশ নির্মাণসহ দুটি সড়কই সংস্কার করা হচ্ছে। পাশাপাশি এনএস রোডের অন্তত চার জায়গায় সড়ক বিভাজন করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ২৩ কোটি ৭১ লাখ টাকা। ২০১৮ সালের প্রথম দিকে কাজ শুরু হয়েছে। চলতি বছরের মার্চ মাসে কাজ শেষ হওয়ার কথা ছিল। কার্যাদেশ পেয়েছে নেশন টেক নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হলেন ইফতেখারুল ইসলাম।

এনএস রোডের উভয় পাশে পাঁচ থেকে ছয় ফুট প্রশস্ত নালা নির্মাণ করা হচ্ছে। নালার ওপরে টাইলস দিয়ে পথচারীদের জন্য হাঁটাচলার ফুটপাতের ব্যবস্থাও নকশায় রয়েছে। একইভাবে কওসের উদ্দীন সড়কের এক পাশে নালায় টাইলস বসানো হবে। নালা নির্মাণের ফলে মূল সড়ক বৃদ্ধি পেয়েছে। এতে বর্ধিত অংশেও সড়ক নির্মাণ করা হচ্ছে। এরপর পুরো সড়ক সংস্কার করার কথা।

অভিযোগ উঠেছে, চলতি বছরের মার্চ মাসে এসব কাজ শেষ হওয়ার কথা থাকলেও অর্ধেক কাজ শেষ হয়েছে। কাজে গাফিলতি, ধীরগতি ও নিম্নমানের ইট-খোয়া ব্যবহার করা হচ্ছে। এতে সড়ক খোঁড়াখুঁড়িতে পৌর বাসিন্দারা খুবই দুর্ভোগ পোহাচ্ছেন। এ ছাড়া নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় ক্ষোভও প্রকাশ করছেন সচেতন নাগরিকেরা।

গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, এনএস রোডের শাপলা চত্বর ও থানা মোড়ে নালার পাশে প্রশস্ত সড়কে ইটের খোয়া। শাপলা চত্বরে কয়েক জায়গায় নিম্নমানের খোয়া ফেলা হয়েছে। সেখানে একজন অবসরপ্রাপ্ত প্রকৌশলীকে ইটের খোয়া দেখানো হলে তিনি সেটি খুবই নিম্নমানের বলে শনাক্ত করেন। যেগুলো সড়কে ফেলে রোলার করানো, সেগুলোও দেখতে নিম্নমানের। কার্যাদেশের নকশায় এই ইট ব্যবহারের কোনো বিধান নেই। সরকারি বালিকা বিদ্যালয় থেকে জেলা পরিষদ পর্যন্ত প্রায় ৩০০ মিটার সড়কে খোয়া এবড়োখেবড়ো হয়ে পড়ে আছে।

শাপলা চত্বর এলাকার বাসিন্দা ও কুষ্টিয়া চেম্বারের সহসভাপতি এস এম কাদেরী শাকিল বলেন, ‘দীর্ঘদিন ধরে সড়কের কাজ চলছে। কাজের গতি ও মান দেখে মনে হচ্ছে এই সড়কের কোনো মা-বাপ নেই।’

সচেতন নাগরিক কমিটি কুষ্টিয়া শাখার সাবেক সভাপতি খলিলুর রহমান বলেন, এত ব্যস্ত এলাকায় ধীরগতির কাজ খুবই অমার্জনীয়। এ ছাড়া প্রকাশ্যে নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।

জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ইফতেখারুল ইসলাম প্রথম আলোকে বলেন, কাজের মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়েছে। এখনো অনুমোদন হয়নি। তবে কাজ ভালো হচ্ছে বলে তিনি দাবি করেন।

নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়ে ইফতেখারুল ইসলাম বলেন, ‘কিছু কাজ সাব-কন্ট্রাক্ট দেওয়া হয়েছে, হয়তো সেগুলোতে সমস্যা হতে পারে। তবে এটা জানা নেই। জেনে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, ‘নিম্নমানের ইট ও খোয়া ব্যবহারের বিষয়টি জানার পর এক মাস আগে সরেজমিনে পরিদর্শন করে সত্যতা পেয়েছিলাম। ওই সব সামগ্রী দ্রুত সরানোর জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে গত ২৬ মে চিঠি দেওয়া হয়েছে। কাজেও ধীরগতি। কার্যাদেশ অনুযায়ী ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আশা করা যাচ্ছে, চলতি বছরের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে।’