রাতের ট্রেন আসে পরদিন বিকেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা অবরোধে জয়পুরহাটের আক্কেলপুরে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তাই লোকজনের নির্বিঘ্নে চলাচলের একমাত্র ভরসা ট্রেন। সেই ট্রেনগুলোও নির্ধারিত সময়ে চলাচল করছে না।

ঢাকাগামী তিনটি (একতা, লীলসাগর ও দ্রুতযান) ট্রেনই নির্ধারিত সময়ের চেয়ে ১০ থেকে ১২ ঘণ্টা বিলম্বে জয়পুরহাটের আক্কেলপুর স্টেশনে আসছে। এতে ঢাকাগামী ট্রেনযাত্রীরা অসহনীয় দুর্ভোগের শিকার হচ্ছেন।

গত শনিবার দুপুরে আক্কেলপুর রেলস্টেশনে গিয়ে দেখা গেছে,  শুক্রবার রাতের ঢাকাগামী আন্তনগর একতা এক্সপ্রেস ও শনিবার সকালের আন্তনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা গন্তব্যে যাওয়ার জন্য অপেক্ষা করছেন। ওই দুটি ট্রেন কখন আসবে, তা জানতে যাত্রীরা স্টেশনমাস্টারের কার্যালয়ে ভিড় করছিলেন।

স্টেশনে অপেক্ষমাণ ঢাকাগামী ট্রেনের যাত্রীরা জানান, দিনাজপুর থেকে ঢাকাগামী আন্তনগর একতা এক্সপ্রেস ট্রেনটি শুক্রবার রাত ১২টার পর আক্কেলপুর স্টেশনে পৌঁছার কথা। নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগেই যাত্রীরা স্টেশনে এসেছে। ট্রেনটির অপেক্ষায় শুক্রবার সারা রাত তাঁদের স্টেশনে নির্ঘুম রাত কাটাতে হয়েছে। শনিবার দুপুরেও সেই একতা ট্রেনটি স্টেশনে আসেনি। দিনাজপুর-ঢাকাগামী আন্তনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি শনিবার বেলা ১১টায় এই স্টেশন ছেড়ে যাওয়া কথা। কিন্তু ওই ট্রেনটি তখনো ঢাকা থেকে এই স্টেশনেই পৌঁছায়নি। তবে শনিবার বেলা দেড়টার পর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশে আক্কেলপুর স্টেশন ছেড়ে যায়।   

এ সময় স্টেশনে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের যাত্রী শাহিনুর রহমান গানের সুরে বলেন, ‘তুমি চলে গেলে চেয়ে চেয়ে দেখলাম। আমার বলার কিছু ছিল না।’

ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের যাত্রী কামরুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘রাত গড়িয়ে দুপুর এল তবুও ট্রেনের দেখা
পেলাম না।’ 

আক্কেলপুর স্টেশনমাস্টার খাদিজা খাতুন শনিবার বিকেলে জানান, শুক্রবার রাতের ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি শনিবার বিকেল সাড়ে তিনটায় এই স্টেশন ছেড়েছে। আবার শুক্রবার রাতের নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি শনিবার সকাল ছয়টায় ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। শনিবার বেলা ১১টার ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি বেলা একটার পর দিনাজপুরের উদ্দেশে এই স্টেশন ছেড়ে গেছে। তিনি বলেন, ঢাকাগামী তিনটি ট্রেনই নির্ধারিত সময়ের অনেক দেরিতে চলাচল করছে।