রানা প্লাজার সমন্বয়কারীর কাছে চাঁদা দাবির অভিযোগ
সাভারের ধসে পড়া ভবন রানা প্লাজার সমন্বয়কেন্দ্রের সমন্বয়কারী মাসুম বিল্লাহ খানের কাছে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে।
মাসুম বিল্লাহ খানের অভিযোগ, গতকাল মঙ্গলবার তাঁর ব্যক্তিগত মোবাইল ফোনে কল করে চাঁদা দাবি করেন এক ব্যক্তি। চাঁদা না দিলে পরিবারের সদস্যসহ তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় আজ বুধবার সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
সাভার থানা সূত্র জানায়, শাহাদৎ হোসেন পরিচয় দিয়ে এক ব্যক্তি গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে ০১৯৮৬৩০৮১২৫ নম্বর থেকে মাসুম বিল্লাহ খানের মোবাইল ফোনে কল করে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে পরিবারের সদস্যসহ তাঁকে হত্যা করার হুমকি দেন তিনি। এ ছাড়াও তাঁর মোবাইলে এসএমএসের মাধ্যমে বিভিন্ন হুমকি দেওয়া হয়।
ভবনধসের পর রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখতে সাভারের উলাইলে রানা প্লাজা সমন্বয় কেন্দ্র খোলা হয়। এরপর থেকেই মাসুম বিল্লাহ খান ওই কেন্দ্রের সমন্বয়কের দায়িত্ব পালন করছেন।
মাসুম বিল্লাহ অভিযোগ করে বলেন, ‘ক্ষতিপূরণ নিয়ে কোনো ব্যক্তি বা পক্ষ আমার ওপর নাখোশ হয়ে এ কাজ করতে পারে। কেবল টাকার জন্যও কেউ হুমকি দিতে পারে।’
এ বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) দীপক কুমার সাহা বলেন, প্রযুক্তির সহায়তা নিয়ে হুমকিদাতাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।