রানার সঙ্গে নাফিসের যোগাযোগ ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রিদওয়ানুল আজাদ রানার সঙ্গে কাজী মো. রেজওয়ানুল আহসান নাফিসের যোগাযোগ ছিল।

আজ বৃহস্পতিবার পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম বিভাগের কর্মকর্তারা এ কথা জানান।
কাজী মো. রেজওয়ানুল আহসান ২০১২ সালের জানুয়ারি মাসে ছাত্র ভিসায় নিউইয়র্কে যান। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক একটি এক হাজার পাউন্ড ওজনের বোমায় উড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করার দায়ে তিনি এখন যুক্তরাষ্ট্রে ৩০ বছরের সাজা খাটছেন।
পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের প্রধান মনিরুল ইসলাম আজ বৃহস্পতিবার বলেন, রাজীবের হত্যাকারীদের জিজ্ঞাসাবাদের সময়ই রিদওয়ানুল আজাদ রানার সঙ্গে কাজী মো. রেজওয়ানুল আহসানের যোগাযোগের বিষয়টি পুলিশ জানতে পারে। তবে তখন পর্যন্ত রিদওয়ানুল সম্পর্কে খুব বেশি কিছু পুলিশ জানতে পারেনি।
অপর এক কর্মকর্তা মুহিবুল ইসলাম খান বলেন, মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) বাংলাদেশের পুলিশকে রিদওয়ানুলের সঙ্গে রেজওয়ানুলের যোগাযোগের বিষয়টি জানিয়েছিল। রেজওয়ানুলের সঙ্গে অপর এক ছাত্রও যুক্তরাষ্ট্রে যান। তাঁর সঙ্গেও রিদওয়ানুলের যোগাযোগ ছিল।
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ার সময় রিদওয়ানুল ও রেজওয়ানুলের বন্ধুত্ব হয়েছিল। ওই বিশ্ববিদ্যালয়ে জুন্নুন শিকদারের নেতৃত্বে যে দলটি জিহাদি আলাপ-আলোচনায় সময় কাটাত, সেই দলেরই সদস্য ছিলেন এই দুজন। জুন্নুন শিকদার এখন সিরিয়ায় আছেন।
২০১২ সালের অক্টোবরে রেজওয়ানুল ধরা পড়েন। নিউইয়র্ক টাইমসের খবর, রেজওয়ানুল মৌলবাদের দীক্ষা, গৃহস্থালিতে ব্যবহৃত জিনিস দিয়ে বোমা তৈরির প্রশিক্ষণ ও মার্কিন বংশোদ্ভূত মৌলবাদী বক্তা আনওয়ার আল আওলাকির বক্তৃতার অডিও রেকর্ড নিয়ে যুক্তরাষ্ট্রে যান। সেখানে গিয়ে তিনি বিতর্কিত স্টিং অপারেশনের কবলে পড়েন।
২০১৩ সালের ৯ আগস্ট যুক্তরাষ্ট্রের ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টের বিচারপতি ক্যারল ডি অ্যামন রেজওয়ানুলকে ৩০ বছরের সাজা দেন। তিনি বলেন, ‌বড় কোনো ঘটনা না ঘটালেও নাফিস কোনো না কোনো হামলার ঘটনা ঘটাত।
অ্যামনকে লেখা এক দীর্ঘ চিঠিতে রেজওয়ানুল বলেন, ‘‌বাংলাদেশে আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়তাম, সেখানে আমার কোনো বন্ধু ছিল না। তাই বড় ভাই গোছের কয়েকজন ছাত্র যখন আমার সঙ্গে কথা বলতে শুরু করল, আমি সহজেই তাদের খপ্পরে পড়ে গেলাম।’
২০ ফেব্রুয়ারি আহমেদ রাজীব হায়দার হত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রিদওয়ানুল আজাদ রানাকে মালয়েশীয় পুলিশ বাংলাদেশে ফেরত পাঠায়। রিদওয়ানুল এখন পাঁচ দিনের রিমান্ডে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম বিভাগের হেফাজতে রয়েছেন। জিজ্ঞাসাবাদে তিনি কাজী মো. রেজওয়ানুল আহসানের সঙ্গে যোগাযোগের কথা জানান।
আজ পর্যন্ত আহমেদ রাজীব হায়দার ছাড়া অন্য কোনো ব্লগার, মুক্তমনা খুনের ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করেননি। আহমেদ রাজীব হায়দার খুনের এক বছরের মাথায় রিদওয়ানুল আজাদ রানা মালয়েশিয়া পালিয়ে যান। আজ বৃহস্পতিবার পর্যন্ত পরিবারের কেউ তাঁর খোঁজ নেয়নি।