রানীনগরে ইউপি সদস্যকে হত্যার চেষ্টা
নওগাঁর রানীনগরে দুর্বৃত্তরা এবাদুল হক প্রামাণিক (৩২) নামের এক ইউপি সদস্যকে হত্যার চেষ্টা চালিয়েছে। দুর্বৃত্তদের হামলায় আহত এবাদুল বর্তমানে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। গত শনিবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার বেলঘড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি কালীগ্রাম ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য।
এবাদুল হক জানান, শনিবার দিবাগত রাত দুইটার দিকে পুকুরে মাছ ধরার জন্য তিনি বেলঘড়িয়া স্কুলের পাশে লোকজন নিয়ে উপস্থিত হন। এ সময় তিনি জাল আনার জন্য একা বাড়িতে যাওয়ার সময় পথে ওত পেতে থাকা ৮-১০ জন সন্ত্রাসী তাঁকে হত্যার চেষ্টায় লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এবাদুল হকের পরিবারের সদস্যরা জানান, এবাদুল সুস্থ হলে এ ঘটনায় থানায় মামলা করা হবে।
রানীনগর থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলেছে। তবে মামলা কিংবা লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।