রানীনগরে ছিনতাই হওয়া মাইক্রোবাসটি লক্ষ্মীপুর থেকে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর রানীনগরে চালককে হত্যা করে ছিনতাই করা মাইক্রোবাসটি গত মঙ্গলবার লক্ষ্মীপুর জেলা সদরের একটি স্কুল মাঠ থেকে উদ্ধার করেছে রানীনগর থানার পুলিশ। তবে হত্যা ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
রানীনগর থানার ওসি আবদুল লতিফ খান বলেন, চালকের হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রানীনগর থানা-পুলিশ সূত্র জানায়, গত রোববার বিকেলে রানীনগর থেকে চালক রহিদুল ইসলামসহ ওই মাইক্রোবাসটি ছিনতাই হয়। এরপর থেকে চালকের সঙ্গে তাঁর পরিবারের যোগাযোগ বন্ধ হয়ে যায়। এক দিন পর সোমবার সন্ধ্যায় উপজেলার দেওলিয়া বড়গাছা সড়কের ত্রিমোহনী খালের পানিতে দড়ি দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় রহিদুলের লাশ পাওয়া যায়। রহিদুলের স্ত্রী রানীনগর থানায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। রোববার নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে দেশের প্রতিটি জেলা পুলিশের কাছে চালককে হত্যা ও মাইক্রোবাস ছিনতাইয়ের বেতারবার্তা পাঠানো হয়। মঙ্গলবার বিকেলে ছিনতাইকারীরা মাইক্রোবাসটি নিয়ে লক্ষ্মীপুর জেলায় পৌঁছালে পুলিশের তল্লাশিচৌকি দেখে রাস্তার পাশে উত্তর মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সেটি ফেলে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ গাড়িটি জব্দ করে।
রানীনগর থানার উপপরিদর্শক শফিকুর রহমান বলেন, গতকাল বুধবার সকালে মাইক্রোবাসটি নিয়ে পুলিশ নওগাঁর উদ্দেশে রওনা হয়েছে।