রানীনগরে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার নামে প্রতারণা
নওগাঁর রানীনগর উপজেলার ভান্ডার গ্রামের দামারপাড়ায় ১০১টি বাড়িতে বিদ্যুৎ–সংযোগ দেওয়ার নামে একটি চক্র গ্রামবাসীর কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতির অনুমোদিত ইলেকট্রিশিয়ানরা এই কাজে জড়িত বলে অভিযোগ গ্রামবাসীর।
এলাকার কয়েকজন বলেন, ভান্ডার গ্রামের দামারপাড়ায় ১০১টি বাড়িতে বিদ্যুৎ–সংযোগ দেওয়ার নামে আবুল কালাম ও তাঁর সহযোগী সাবেক ইউপি সদস্য মো. গোলাম মোস্তফা প্রায় ১২ লাখ টাকা নিয়েছেন। প্রায় এক বছর অতিবাহিত হলেও ওই সব বাড়িতে বিদ্যুতের সংযোগ না দেওয়ায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। গ্রামের অনেকে অভিযোগ করে বলেন, গোলাম মোস্তফা ও আবুল কালাম বিদ্যুৎ–সংযোগের নাম করে অর্থ তুলে গোলাম মোস্তফার নির্বাচনে ব্যয় করেছেন। সে কারণে টাকাগুলো বিদ্যুৎ অফিসে না পৌঁছানোয় গ্রামটি অন্ধকারে রয়েছে।
দামারপাড়ার রহিম কাজী (৪০) বলেন, ‘আমাদের দুই মাসের মধ্যে বিদ্যুৎ এনে দেওয়ার নাম করে ওই দুই ব্যক্তি কয়েক দফায় প্রায় ১১ হাজার টাকা নিয়েছেন। অথচ উপজেলার বিভিন্ন গ্রামে নতুন করে বিদ্যুৎ পৌঁছে গেলেও আমাদের গ্রামে বিদ্যুৎ আসার কোনো খবর নেই।’
আবুল কালাম আজাদ মুঠোফোনে বলেন, ‘আমরা কয়েকজন মিলে টাকা তুলে আবু রেজা নামের একজনকে দিয়েছি। তাঁর কাছে টাকা ফেরত পেলে গ্রামবাসীর মাঝে ফেরত দেব।’
রানীনগর পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মুতাসিম বিল্লাহ বলেন, ওই গ্রামে সংযোগের বিষয়টি এখনো প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, দালালশ্রেণির কেউ প্রতারণা করেছে, এমন লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।