রানীশংকৈল ও গোবিন্দগঞ্জে দুজন খুন, গ্রেপ্তার ২
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার কলিগাঁও গ্রামে গতকাল শুক্রবার জমি নিয়ে বিরোধের জের ধরে ছুরিকাঘাতে সেতাব আলী (৪০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। এদিকে গত বৃহস্পতিবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহরের ঝিলপাড়া এলাকায় দুর্জয় চাকী (২৮) নামের এক তরুণকে হত্যার অভিযোগ উঠেছে। ওই দুই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রানীশংকৈল থানা-পুলিশ ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের জের ধরে গতকাল সকাল সাতটার দিকে বাড়িতে ঢুকে সেতাব আলীকে ছুরিকাঘাত করেন কলিগাঁও গ্রামের ইদ্রিস আলীর ছেলে জসিম উদ্দিন (৩২)। এ সময় তাঁর চিৎকার শুনে সেতাবের স্ত্রী রেখা বেগম (৩৫) এগিয়ে এলে জসিম তাঁকেও ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজন জসিমকে আটক করে পুলিশে হস্তান্তর করেন। রেখা রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গোবিন্দগঞ্জ থানা-পুলিশ ও দুর্জয় চাকীর পরিবার সূত্রে জানা গেছে, আরিফ মিয়া (২৫) নামের এক তরুণ গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে দুর্জয় চাকীর ঝিলপাড়ার বাসার আশপাশে ঘোরাফেরা করছিলেন। রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে দুর্জয় বাইরে বের হয়ে আরিফকে ঘোরাঘুরি করতে দেখে তাঁর সন্দেহ হয়। এ সময় রাতে কেন আরিফ এভাবে ঘোরাঘুরি করছেন, এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে আরিফ তাঁর কাছে থাকা ধারালো ছোড়া দিয়ে দুর্জয়ের গলায় এলোপাতাড়ি আঘাত করেন। দুর্জয়ের চিৎকারে ওই এলাকায় কর্তব্যরত নৈশপ্রহরীরা এগিয়ে এলে আরিফ পালানোর চেষ্টা করেন। পরে নৈশপ্রহরীরা তাঁকে আটক করে পুলিশে দেন। এদিকে গুরুতর আহত দুর্জয়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুর্জয়ের ভাই সঞ্চয় চাকী গতকাল শুক্রবার আরিফকে একমাত্র আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আরিফ একই উপজেলার শিবপুর ইউনিয়নের বারোটিকরি গ্রামের হজরত আলীর ছেলে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত সরকার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফ হত্যার কথা স্বীকার করেছেন। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।