রানীশংকৈলে নিজ বাড়ি থেকে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার দেহট গ্রামের নিজ বাড়ি থেকে গত বৃহস্পতিবার রাতে নার্গিস আক্তার নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নার্গিস ওই গ্রামের রিকশাভ্যানচালক আবু বক্করের স্ত্রী।
রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার রায় জানান, এ ঘটনায় গৃহবধূর ভাই নাইমুর বাদী হয়ে বিন্যাকুড়িবর্ণিয়া গ্রামের ডেমকা নামের একজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেছেন। ইতিমধ্যে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে কাজ শেষে আবু বক্কর বাড়ি ফিরে ঘরের মেঝেতে নার্গিসের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন। এ সময় তাঁর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং পুলিশে খবর দেন। রাত একটার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে নার্গিসের লাশ উদ্ধার করে। গতকাল শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
রানীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লোকমান হোসেন বলেন, ঘটনার সময় ঘরে নার্গিসের দুই সন্তান ঘুমিয়েছিল। প্রচণ্ড বৃষ্টির কারণে প্রতিবেশীরাও ঘটনা টের পাননি।