রানীশংকৈলে পরীক্ষা কেন্দ্রের মাঠে মেলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল ডিগ্রি কলেজ চত্বরে এক সপ্তাহ ধরে চলছে বৈশাখী মেলা। অথচ এই কলেজেই এইচএসসি পরীক্ষার কেন্দ্র। মেলার হইচই, হট্টগোলে ওই কেন্দ্রের পরীক্ষার্থীদের মনোযোগ ব্যাহত হচ্ছে।
গতকাল সোমবার সরেজমিন দেখা যায়, কলেজ চত্বরের এই মেলায় নানা পণ্যের প্রায় শ খানেক দোকান। খাটানো হয়েছে প্যান্ডেল। চত্বরে ভিড়ভাট্টা। ক্রেতা আকৃষ্ট করতে দোকানিদের উচ্চ স্বরে ডাকাডাকি। পাশের ভবনগুলোতে চলছে এইচএসসি পরীক্ষা।
আবদুল লতিফ নামের মেলার এক দোকানি বলেন, ‘সকাল থেইকা মাঝ রাইত পর্যন্ত বেচাবিক্রি চলে। আর খদ্দের টানতে তো এট্টু ডাকাডাকি করাই লাগে।’
পরীক্ষা শেষ হওয়ার পর নাসিমা বেগম, শাহনাজ আক্তার, অসীম রায়সহ একাধিক পরীক্ষার্থী বলেন, মেলার দোকানিদের চিৎকারে পরীক্ষা দিতে সমস্যা হচ্ছে। তার ওপর দোকানিরা অনেক সময় গান-বাজনা বাজাচ্ছেন। তখন তো পরীক্ষায় মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের এক শিক্ষার্থী বলেন, মেলার লোকজন কলেজ মাঠের যেখানে-সেখানে মলমূত্র ত্যাগ করেন। দুর্গন্ধে থাকা যায় না। হাঁটতে-চলতেও সমস্যা।
মেলার আয়োজকদের সূত্রে জানা গেছে, এ কলেজ মাঠে গত ২৮ এপ্রিল থেকে বৈশাখী মেলা শুরু করে বৈশাখ উদ্যাপন পরিষদ। মেলা উদ্বোধন করেন কবি আসাদ চৌধুরী। মেলাটি চলবে ৭ মে পর্যন্ত।
বৈশাখ উদ্যাপন পরিষদের আহ্বায়ক ও ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রের সচিব তাজুল ইসলাম বলেন, এটি একটি ঐতিহ্যবাহী মেলা। প্রতিবারের মতো এবারও আয়োজন করা হয়েছে। এ বছর পরীক্ষার সময় মেলা হচ্ছে। তাই মেলার আয়োজন কিছুটা নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে পরীক্ষা কেন্দ্রে মেলার আয়োজন করা হলেও পরীক্ষার্থীদের তেমন সমস্যা হচ্ছে না।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বরাবরই কলেজ মাঠে এ মেলার আয়োজন করে আসছেন। এইচএসসি পরীক্ষার্থীদের সমস্যা হয় এমন কোনো কিছু মেলায় হবে না—এমন শর্তে এ বছর কলেজ মাঠে মেলা আয়োজনের অনুমতি দেওয়া হয়। এখন মেলার কোনো কর্মকাণ্ডে পরীক্ষার্থীদের মনোযোগ বিঘ্নিত হলে তা বন্ধ করা হবে।