রানীশংকৈলে মহিলা ভাইস চেয়ারম্যানকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগমকে মারধর করার অভিযোগ উঠেছে। গত রোববার উপজেলা সদরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রানীশংকৈল ডিগ্রি কলেজের সামনের একটি মসজিদের মুয়াজ্জিন শাহ আলম একটি ট্রাভেল এজেন্সির স্থানীয় এজেন্ট হিসেবে কাজ করতেন। চলতি বছর হজে পাঠানোর কথা বলে তিনি এলাকার অনেকের কাছ থেকে টাকা নেন। কিন্তু তাঁরা হজে যেতে পারেননি। এর মধ্যে মাহফুজা বেগমের দুজন আত্মীয়ও রয়েছেন।

বিষয়টি নিয়ে মীমাংসার জন্য মাহফুজা বেগম গত রোববার সন্ধ্যায় উপজেলা সদরে শাহ আলমের বেকারির দোকানে যান। একপর্যায়ে শাহ আলমের সঙ্গে মাহফুজা বেগমের বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় শাহ আলমের লোকজন মাহফুজা বেগমকে মারধর করেন।

রানীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফিরোজ আলম জানান, মাহফুজা বেগমের শরীরে আঘাতের চিহ্ন আছে। কানে আঘাত পাওয়ায় তাঁকে নাক-কান-গলা বিশেষজ্ঞের কাছ থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

শাহ আলম ওই ঘটনার পর তিনি রানীশংকৈল উপজেলা সদর ছেড়ে যান। তাঁর মুঠোফোনে একাধিকবার ফোন করলেও সেটি বন্ধ পাওয়া যায়।