রান্না দেরি হওয়ায় গরম ডালে ঝলসে দিলেন স্বামী
পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নের মতিগাছা গ্রামে গতকাল সোমবার সকালে রান্নায় দেরি হওয়ায় গরম ডাল দিয়ে আলফা খাতুন (৩৫) নামের এক গৃহবধূর শরীর ঝলসে দিয়েছেন তাঁর স্বামী। গুরুতর অবস্থায় তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল হাসপাতালে গিয়ে দেখা যায়, বিছানায় কাতরাচ্ছেন আলফা। শরীরের অর্ধেক অংশ কাপড়ে ঢাকা। দুই হাত, গলা, মুখসহ যেটুকু আবরণহীন তার পুরোটাই ঝলসে গেছে।
আলফা খাতুন বলেন, তাঁর স্বামী আজাহার আলী পেশায় শ্রমিক। তিনি সকালে দ্রুত রান্নার জন্য তাগিদ দিচ্ছিলেন। রান্না চলছিল। সাড়ে ৯ টার দিকে ভাতের পর ডাল রান্না যখন শেষের দিকে, তখন তিনি বেশ রেগে যান। দেরির জন্য গালাগাল শুরু করেন। একপর্যায়ে রান্নাঘরে ছুটে এসে চুলা থেকে গরম ডালের পাতিল তুলে তাঁর শরীরে ঢেলে দেন।
প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, এতে আলফার পুরো শরীর ঝলসে যায়। তিনি মাটিতে গড়াগড়ি দিয়ে চিৎকার করতে থাকেন। এ সময় স্বামী তাঁকে ফেলে রেখে বাড়ি থেকে বের হয়ে যান। পাবনা জেনারেল হাসপাতালের চিকিৎসক মো. হাসানুজ্জামান জানান, মেয়েটির শরীরের ৩০ শতাংশ চামড়া ঝলসে গেছে।