রান্নাঘরে গলাকাটা লাশ, পুত্রবধূ পুলিশ হেফাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ উপজেলায় এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার বেলা একটার দিকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীর পুত্রবধূ আঁখি আক্তারকে থানায় নিয়ে গেছে পুলিশ।

ঘটনাস্থল পরিদর্শন করে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বসতঘরের এক পাশে রান্নাঘরে নূর জাহান নামের (৬৫) ওই নারীর গলাকাটা লাশটি পাওয়া গেছে। ঘটনাটি প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করেছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত আছে।

পুলিশ সূত্র জানায়, নূর জাহান সেনবাগের কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের ছিদ্দিক উল্যাহর স্ত্রী। সাত-আট বছর আগে তাঁর স্বামী মারা যান। দুই ছেলে ও এক মেয়ের সংসার। ছেলে দুজন ওমানপ্রবাসী। একমাত্র মেয়েকেও বিয়ে দিয়েছেন। ছোট ছেলে মো. টিপু তিন দিন আগে বিদেশে গেছেন। ভাবিও তাঁকে বিদায় জানাতে চট্টগ্রাম যান এবং সেখানে বাপের বাসায় থেকে যান।

নিহত নূর জাহানের দেবর আনোয়ার হোসেন বলেন, তাঁর ভাবি রাতে পাশের বাড়ির আট বছর বয়সী রিয়াকে নিয়ে নিজেদের আধাপাকা ঘরে ঘুমিয়েছিলেন। ভোর আনুমানিক পাঁচটার দিকে ওই মেয়ের চিৎকারে তাঁরা এগিয়ে এসে দেখেন বসতঘর-সংলগ্ন রান্নাঘরের মেঝেতে ভাবির গলাকাটা লাশ পড়ে আছে।

আনোয়ার হোসেন বলেন, তাঁর ভাবিদের সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। তিনি খুবই শান্ত স্বভাবের এবং ধার্মিক ছিলেন। তাঁরা মৃত্যুর কারণ সম্পর্কে তাঁরা নিশ্চিত হতে পারছেন না। পুলিশের তদন্তে বিষয়টি বেরিয়ে আসবে বলে আশা করছেন তাঁরা।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ চৌধুরী প্রথম আলোকে বলেন, বেলা একটার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। মৃতদেহের পাশে থেকে একটি বঁটি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া পিবিআইর সদস্যরা আরও কিছু আলামত সংগ্রহ করেছেন।
ওসি হারুন-অর-রশিদ জানান, শাশুড়ির মৃত্যুর খবর পেয়ে চট্টগ্রামে অবস্থানকারী বড় ছেলের বউ আঁখি আক্তার ও মেয়ে ফাতেমা বেগম বাড়িতে পৌঁছেছেন। পুত্রবধূ আঁখিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মেয়েকে বাদী করে থানায় একটি হত্যা মামলা নেওয়ার প্রস্তুতি চলছে।