রাব্বি হত্যার ঘটনায় আরও একজন গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের পঞ্চবটী গ্রামের মীর মো. রাব্বি (৩) হত্যার ঘটনায় সন্দেহভাজন আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার ওই গ্রামের ফুল মিয়ার ছেলে মিথিল মিয়াকে গ্রেপ্তার করা হয়। তবে হত্যার রহস্য ১২ দিনেও উদ্ঘাটন করতে পারেনি পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি মামলার বাদী মীর মো. সজীবের চাচাতো ভাই ও নিহত শিশু রাব্বির দূর সম্পর্কের চাচা। এ নিয়ে এ হত্যা মামলায় এজহারভুক্ত তিন আসামিসহ চারজনকে গ্রেপ্তার করল পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পুলিশ সূত্রে জানা যায়, ১৭ ও ১৮ অক্টোবর ওই গ্রামের ফুল মিয়ার দুই ছেলে মিথিল মিয়া (২৪) ও শাথিল মিয়াকে (২২) থানায় জিজ্ঞাসাবাদ করা হয়। দুই দিনের জিজ্ঞাসাবাদ শেষে মিথিলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
১১ অক্টোবর দুপুরে পঞ্চবটী গ্রামের মনাইবাড়ি পুকুর থেকে ওই গ্রামের মীর মো. সজীবের তিন বছর বয়সী ছেলে রাব্বির বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রাব্বির দূর সম্পর্কের চাচা মীর আবুল বাশার এবং তাঁর দুই ছেলে মীর মানিক মিয়া ও মীর রতন মিয়াকে আটক করা হয়। ওই দিনই রাব্বির বাবা ওই তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। তবে মামলার ১ নম্বর আসামি মীর আবুল বাশার থানাহাজতে অসুস্থ হয়ে পড়লে কয়েকজন আত্মীয়ের জিম্মায় পুলিশ তাকে ছেড়ে দেয়।